Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস নিয়ে এলো ইলন মাস্কের স্টারলিংক

পরীক্ষামূলক সরবরাহের জন্য দুটি ডিভাইসও দিচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৮:১৫ পিএম

ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের দুই প্রতিনিধির সঙ্গে ঢাকার আইসিটি টাওয়ারে বৈঠক করেছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (২৬ জুলাই) বৈঠকের পর প্রতিমন্ত্রী পলক ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে ইলন মাস্কের আরেক প্রতিষ্ঠান স্টার লিংকের সঙ্গে একটি পাইলট প্রকল্পে সম্মত হয় বাংলাদেশ। চুক্তি অনুযায়ী তিন মাসের জন্য বাংলাদেশে পরীক্ষামূলক ইন্টারনেট সরবরাহ করবে স্টার লিংক। এজন্য তারা দুটি ডিভাইসও দিয়েছে।

কার্যকারিতা পরীক্ষার জন্য ডিভাইস দুটির একটি বসানো হবে বাসের ভেতরে এবং অন্যটি প্রত্যন্ত কোনো দ্বীপে।

মার্কিন নভোচারী প্রতিষ্ঠান স্পেসএক্সকেও ইন্টারনেট সরবরাহ করে স্টার লিংক। পৃথিবীর ৬০টি দেশে তাদের কভারেজ রয়েছে।

আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেসএক্স কর্মকর্তারা/ঢাকা ট্রিবিউন

বাংলাদেশে পরীক্ষামূলক সরবরাহ শেষ হলে তাদের সঙ্গে ইন্টারনেটের দাম নিয়ে আলোচনায় বসবে বিটিআরসি। ২৯ জুলাই, শনিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে থাকবেন তাদের প্রতিনিধিরা।

প্রান্তিক ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও মানুষ যাতে নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটে সংযুক্ত রাখতে পারে সে লক্ষ্যেই এই পরিষেবা নিয়ে আসছে সরকার।

বৈঠকে উপস্থিত ছিলেন স্পেসএক্সের গ্লোবাল অ্যাফেয়ার্স ম্যানেজার জোয়েল মেরিথ ও গ্লোবাল লাইসেন্সিং অ্যান্ড অ্যাক্টিভেশন ম্যানেজার পার্নিল উর্ধাওরেসে।

বৈঠকে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফর উল্লাহ, বাংলাদেশে কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তাফা কামাল, এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মামুনুর রশীদ ভূঁইয়া, ইডিসি প্রকল্পে প্রকল্প পরিচালক প্রনব কুমার সাহা এবং ইডিইজি প্রকল্পের ন্যাশনাল পলিসি অ্যাডভাইজার আব্দুল বারী তুষার ও ইডিজিই প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট কনসালটেন্ট তামজিদ বিন আহাম্মদ উপস্থিত ছিলেন।

শিগগিরই এই পরিষেবা চালু হবে বলে জানান সংশ্লিষ্টরা।

   

About

Popular Links

x