দূরবর্তী কোনো স্থানে ঘুরতে গেলে অনেক সময় হোটেলে থাকার প্রয়োজন পড়ে। আর হোটেলে থাকার সময় ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে খুবই গুরুত্বপূর্ণ। আজকাল অনেক হোটেলে গোপন ক্যামেরা বসানো থাকে বলে অভিযোগ করা হয়। এক্ষেত্রে হোটেল রুমে সত্যিই গোপন ক্যামেরা আছে কিনা বুঝবেন কীভাবে? এখন হোটেলের ঘরে কোনো গোপন ক্যামেরা রয়েছে কিনা, তা জানা যাবে মোবাইল ফোনের সাহায্যেই।
তাই চলুন জেনে নেওয়া যাক মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে গোপন ক্যামেরা শনাক্ত করা যায়।
মোবাইলের ফ্ল্যাশলাইটের সাহায্যে
মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার করে ঘরে রাখা গোপন ক্যামেরা চিহ্নিত করা সম্ভব। এজন্য প্রথমেই ঘরের আলো নিভিয়ে দিতে হবে। এরপর ঘরের যে অংশে ক্যামেরা লুকানো থাকতে পারে বলে মনে হয়, সেই জায়গায় ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাতে হবে। এর মধ্যে অন্যতম হলো এয়ার ভেন্ট, স্মোক ডিটেক্টর, অ্যালার্ম ক্লক অথবা আয়না। ছোট্ট একটি রিফ্লেক্টিভ গ্লিন্ট অথবা লেন্সের মতো সারফেস খুঁজতে হবে কিছু সন্দেহজনক বিষয় চোখে পড়লে সেই জায়গাটি খুঁটিয়ে দেখতে হবে।
ফোনের ক্যামেরার মাধ্যমে ইনফ্রারেড আলো শনাক্ত
স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে ইনফ্রারেড আলো চিহ্নিতকরণ পদ্ধতি অনুসরণ করেও গোপন ক্যামেরা শনাক্ত করা যেতে পারে। এজন্য প্রথমে ঘরের আলো নিভিয়ে দিতে হবে। এরপর স্মার্টফোনের ক্যামেরা অ্যাপ খুলতে হবে। ক্যামেরা কোথায় গোপন করা থাকতে পারে, সেখানে ধীরে ধীরে ক্যামেরা প্যান করতে হবে। ক্যামেরা স্ক্রিনে ছোট্ট পালসিং ডট অথবা গ্লোয়ের দিকে নজর দিতে হবে। এই ইনফ্রারেড আলোই হিডেন ক্যামেরার উপস্থিতি চিহ্নিত করবে। এই সিগন্যাল পেলে বা সন্দেহজনক কোনো প্রতিফলন দেখা গেলে সেই জায়গাটি খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে হবে।
গোপন ক্যামেরা শনাক্তকারী মোবাইল অ্যাপ
স্মার্টফোনের জন্য তৈরি বিশেষ অ্যাপ্লিকেশন ব্যবহার করেও গোপন ক্যামেরা শনাক্ত করা সম্ভব। এই অ্যাপগুলো ইনফ্রারেড আলো, চৌম্বকক্ষেত্র এবং অস্বাভাবিক সংকেত শনাক্ত করতে পারদর্শী হয়। নির্ভরযোগ্য একটি অ্যাপ ডাউনলোড করে সেটির মাধ্যমে রুমের সন্দেহজনক স্থান পরীক্ষা করে দেখতে হবে। অ্যাপগুলো ইনফ্রারেড লাইট, ম্যাগনেটিক ফিল্ড এবং অস্বাভাবিক সিগন্যাল স্ক্যান করতে সক্ষম; যা গোপন ক্যামেরা চিহ্নিত করতে সহায়ক ভূমিকা পালন করে।
ওয়াইফাই সেটিং থেকে নাম দেখা
অনেক গোপন ক্যামেরাই ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে সংযোগ করা থাকে। স্মার্টফোন দিয়ে রুমের ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত যন্ত্র শনাক্ত করা সম্ভব। স্মার্টফোনের ওয়াইফাই সেটিংসে গিয়ে নেটওয়ার্কে যুক্ত যন্ত্রগুলোর তালিকা দেখতে হবে। তালিকায় যদি অপরিচিত বা সন্দেহজনক নামের ডিভাইস যেমন আইপি ক্যামেরা বা ক্যামেরা দেখা যায়, তাহলে সেটি ভালো কর খুঁতিয়ে দেখতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া



