আপনি যদি ফেসবুক ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো বন্ধুর এমন পোস্ট আপনার সামনে পড়েছে যে; "আমি এই মর্মে ঘোষণা করছি, আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ছবি ব্যবহারের অনুমতি দিইনি।"
গত কয়েকদিন ধরেই এমন পোস্টে সয়লাব ফেসবুক। যদিও এবারই প্রথম নয়, এর আগেও এমন পোস্ট ভাইরাল হতে দেখা গেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই ধরনের পোস্ট কতটা সত্য বা কার্যকরী?
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এটি একটি ভুল ধারণার ওপর ভিত্তি করে ভাইরাল হওয়া পোস্ট। ফেসবুক বা ইনস্টাগ্রামে মাঝেমাঝেই এমন "ঘোষণা" ভাইরাল হয়, যেখানে ব্যবহারকারীরা মনে করেন যে, এই ধরনের পোস্ট করলে তাদের কনটেন্ট বা প্রাইভেসি আরও সুরক্ষিত থাকবে।
এ প্রসঙ্গে প্রযুক্তি বিশেষজ্ঞ মাহবুব হোসেন ফয়সাল বলেন, “এই ধরনের ঘোষণার কোনো আইনি ভিত্তি নেই। ফেসবুক/ইনস্টাগ্রামে যুক্ত হওয়ার সময় আপনি তাদের ‘টার্মস অব সার্ভিস’। সেখানেই উল্লেখ করা থাকে তারা আপনার কনটেন্ট কীভাবে ব্যবহার করতে পারে।”
কোথা থেকে এলো এই পোস্ট
ফেসবুকে এ ধরনের তথ্য কয়েক বছর ধরেই ঘুরে-ফিরে আসছে। যার সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই জুড়ে দেওয়া হয় মেটার মালিকানাধীন ফেসবুকের "নতুন প্রাইভেসি নীতি"র কথা। মূলত এটি বিভ্রান্তিকর তথ্য, এগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই।
এসব পোস্টে যা লেখা থাকে
এগুলো সাধারণত এমন বাক্যে লেখা হয়-“আমি এই মর্মে ঘোষণা করছি, আমি মেটা/ফেসবুক/ইনস্টাগ্রামকে আমার ছবি, ভিডিও বা পোস্ট ব্যবহার করার কোনো অনুমতি দিইনি। এই ঘোষণার দ্বারা আমি আমার কনটেন্টের মালিকানা বজায় রাখছি।”
এটি কী কার্যকরী?
না। এই ধরনের ঘোষণার কোনো কার্যকারিতা নেই। ফেসবুক/ইনস্টাগ্রামে যুক্ত হওয়ার সময় আপনি তাদের “টার্মস অব সার্ভিস” মেনে নেন। সেখানেই উল্লেখ করা থাকে তারা আপনার কনটেন্ট কীভাবে ব্যবহার করতে পারে। এমনকি ফেসবুক যদি তাদের নীতিমালায় কোনো পরির্বতন আনে সেটিও “টার্মস অব সার্ভিস”-এ যুক্ত করা হয়। এছাড়া বড় কোনো ধরনের পরিবর্তন এলে সেটি ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানাবে। এর সঙ্গে ভাইরাল কোনো পোস্ট শেয়ার করার সম্পর্ক নেই।
এখানে উল্লেখ্য যে, ফেসবুকে পোস্ট করা যেকোনো কনটেন্টের মালিকানা আপনার। “টার্মস অব সার্ভিস” মেনে নেওয়ার মাধ্যমে আপনি মেটাকে অনুমতি দিয়ে থাকেন সেটি ফেসবুকে দেখানো বা শেয়ার করার জন্য। আপনি যদি চান, কনটেন্ট ডিলিট করে সেই অনুমতি বাতিল করতে পারেন।
এই পোস্ট শেয়ার করলে কী হয়?
এই ধরনের পোস্টে শুধু বিভ্রান্তিই ছড়ায়। এতে কারও কোনো প্রাইভেসি রক্ষা হয় না, বরং এটি দেখে অন্যরাও ভুল তথ্য বিশ্বাস করে শেয়ার করতে থাকে।
করণীয় কী?
যদি আপনি আপনার তথ্য নিরাপদ রাখতে চান, তাহলে সঠিক প্রাইভেসি সেটিংস ব্যবহার করুন, এবং ভুল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।
আপনি আপনার প্রাইভেসি সুরক্ষায় ফেসবুকের সেটিংসে গিয়ে প্রাইভেসি অ্যান্ড সেটিংস এবং প্রোফাইল অ্যান্ড ট্যাগিং অপশন চেক করুন।
কাদের আপনি আপনার পোস্ট দেখতে দিতে চান, তা নিয়ন্ত্রণ করুন (ফ্রেন্ডস, অনলি মি, পাবলিক ইত্যাদি)।
চাইলে আপনার ফটো-ট্যাগ বা ফেস রিকগনিশন সম্পর্কিত অনুমতিও পরিবর্তন করতে পারেন।



