Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশে সাবমেরিন ক্যাবল দিয়ে ৪ টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহের মাইলফলক

এর আগে ২৮ এপ্রিল তিন টেরাবাইটের মাইলফলক স্পর্শ করেছিল বিএসসিপিএলসি

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৫:৩৭ পিএম

আন্তর্জাতিক ব্যান্ডউইডথ (রিয়েল টাইম ইন্টারনেট ট্রাফিক) পরিবহনে প্রতি সেকেন্ডে ৪ টেরাবাইট গতির মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

শনিবার (২ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেন, “জুলাইয়ে দেশে বাণিজ্যিকভাবে চালু হওয়া কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবায় ২০০ জিবি ব্যন্ডউইথ (স্টারলিংক) সরবরাহের পর ১ আগষ্ট নতুন এই মাইলফলক অর্জন করল পুঁজিবাজারে তালিকাভূক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি।”

এর আগে ২৮ এপ্রিল তিন টেরাবাইটের মাইলফলক স্পর্শ করেছিল বিএসসিপিএলসি। মাত্র তিন মাসে সরবরাহ এক টেরাবাইট বেড়েছে।

প্রেস সচিব বলেন, “নতুন এপ্রিলের আগের আট মাসে ব্যবহার ১.১০ টেরাবাইট বৃদ্ধি পেয়েছিল। এর আগে আওয়ামী লীগ আমলে এই প্রতিষ্ঠানের ৬৫%-এর বেশি ক্যাপাসিটি অব্যবহৃত ফেলে রাখা হয়েছিল। বর্তমান সরকারের মেয়াদকালে প্রতিষ্ঠানটির ব্যন্ডউইথ সরবরাহ বেড়েছে ২.২ টেরাবাইটের কিছু বেশি এবং মাত্র এক বছরে প্রবৃদ্ধি ১০৫%-এর বেশি।”

শফিকুল আলম বলেন, “বিগত কয়েক মাসে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পলিসি সাপোর্ট ও নির্দেশনা, প্রতিষ্ঠান ম্যানেজমেন্টের ঐকান্তিক প্রচেষ্টা এবং দুই দফা মূল্যছাড়ের প্রেক্ষিতে এই অর্জন সম্ভব হয়েছে। দেশে ব্যবহৃত ব্যান্ডউইডথে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির শেয়ার ক্রমান্বয়ে বৃদ্ধির প্রেক্ষিতে কোম্পানির রাজস্ব আদায়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে।”

সম্প্রতি, বিটিআরসি লাইসেন্সিং গাইডলাইন সংশোধনের মাধ্যমে সকল আইআইজি অপারেটদের তাদের ব্যবহৃত ব্যান্ডউইডথের কমপক্ষে ৫০% সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে। একতরফা ভারত নির্ভর ইন্টারনেট সরবারহ থেকে কিছুটা সরে এসেছে। তারা সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহারকে অধিকতর উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি যে সকল আইআইজি অপারেটর তাদের ব্যবহৃত মোট ব্যান্ডউইথের ৫০%-এর বেশি সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহার শুরু করেছে।

তিনি জানান, বর্ধিত ব্যান্ডউইডথের ওপর অতিরিক্ত মূল্যছাড় বাস্তবায়ন শুরু করেছে। পাশাপাশি রেগুলার ডিসকাউন্টেড বাল্ক প্যাকেজের বাইরে ডেটা সেটার/ক্লাউড/হাইপার স্কেলার’দের জন্য আলাদা ইন্টারনেট প্যাকেজ ঘোষণা করেছে।

প্রেস সচিব আরও বলেন, “সরকার বিদ্যমান সি-মি-উই ৪, সি-মি-উই ৫- এর পাশাপাশি সি-মি-উই ৬’র সংশোধিত রুটের জন্য চুক্তি করেছে, প্রস্তাবটি সর্বশেষ একনেকে পাস হয়েছে।” এর মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির রিয়েল টাইম ইন্টারনেট মাইলফলকে আরও ১৭ টেরাবাইট নতুন ক্যাপাসিটি যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

   

About

Popular Links

x