Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদের ছুটিতে গ্রামে যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিতে যা করবেন

ঈদে বাড়ি যাওয়ার আগে নিজ দায়িত্বে বাসার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১১:৪৪ এএম

প্রতিবছর ঈদের সময় গ্রামের বাড়ির উদ্দেশে ঢাকা ছাড়েন রাজধানীবাসীদের একটি বড় অংশ। এবার ঈদ-উল-ফিতরে ছুটির আগে স্বাধীনতা দিবসের ছুটি, শবে কদরের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে বেশ লম্বা সময় গ্রামের বাড়িতে কাটানোর সুযোগ হচ্ছে অনেকের। এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকেই হয়তো আরও বেশিদিন সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে থাকবেন।

এই দীর্ঘ সময়ের জন্য বাসা ছাড়ার আগে নিরাপত্তার জন্য বেশকিছু বিষয় মাথায় রাখা জরুরি। অন্যদিকে, এবার ঈদে বাড়ি যাওয়ার আগে নিজ দায়িত্বে বাসার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

পুলিশ তৎপর রয়েছে, তবে পুলিশে জনবলের স্বল্পতা আছে জানিয়ে আসন্ন ঈদ-উল-ফিতরে গ্রামের বাড়ি যাওয়ার সময় ঢাকাবাসীকে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিজ দায়িত্বে নিশ্চিত করে যাওয়ার অনুরোধ জানান তিনি।

এ অবস্থায় চলুন, জেনে নেওয়া যাক বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিতে করণীয় সম্পর্কে-

  • ঘরের সব জানালা ও দরজা ভালোভাবে বন্ধ করুন।
  • আলমারিসহ যেসব আসবাবপত্র তালাবদ্ধ করা যায়, সেগুলো ভালোভাবে তালাবদ্ধ করুন।
  • নগদ অর্থ, গহনাসহ মূল্যবান জিনিস অবশ্যই নিরাপদ কোনো স্থানে রেখে যান। প্রয়োজনে ব্যাংকের লকারে কিংবা নিকট আত্মীয়ের কাছেও রেখে দিতে পারেন।
  • বাসা-বাড়িতে সিসিটিভি (ক্লোজড সার্কিট) ক্যামেরা বসাতে হবে। পূর্বে বসানো সিসিটিভি ক্যামেরা সচল আছে কি-না, সেটি পরীক্ষা করতে হবে।
  • বাসার চারপাশে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা রাখতে হবে।
  • সিসিটিভিতে রাতে কিংবা দিনে মুখে মাস্ক এবং মাথায় ক্যাপ পরিহিত অপরিচিত সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি নজরদারি করতে হবে। প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন দিতে হবে।
  • মোটরসাইকেল চুরি রোধে অ্যালার্ম লাগাতে হবে। এতে কেউ মোটরসাইকেল স্পর্শ করলেই অ্যালার্ম বেজে উঠবে। লক করার কাজে স্টিলের তৈরি মেরিন অ্যাংকর চেইন ব্যবহার করতে হবে। মোটরসাইকেলে জিপিএস ট্র্যাকার লাগাতে হবে এবং চাকাতে উন্নতমানের ডিস্ক লক ব্যবহার করতে হবে।
  • বাড়ির কেয়ারকেটারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন।
  • আশেপাশে কোনো স্বজন বা বন্ধু থাকলে তাকে মাঝেমধ্যে আপনার বাসার আশপাশ থেকে ঢুঁ মেরে যেতে বলবেন।

বাসাবাড়ির সুরক্ষায় আরও কিছু করণীয়

  • যাওয়ার আগে অবশ্যই বসতঘর পরিপাটি করে রেখে তবেই বের হোন। অপ্রস্তুত ও এলোমেলোভাবে ঘর ফেলে রেখে যাওয়া কখনোই ঠিক হবে না। প্রতিটি ঘর গুছিয়ে রাখুন ও ময়লা-আবর্জনা পরিষ্কার করুন। অনেকেই কোথাও বের হওয়ার আগে তাড়াহুড়োতে ঘর নোংরা করে বেরিয়ে পড়েন। এতে ফিরে এসে নোংরা ঘর দেখলে মেজাজ আরও খারাপ হয় এমনকি তাৎক্ষণিক ঘর পরিষ্কার করতে গিয়ে বিপাকে পড়েন কেউ কেউ। তাই বের হওয়ার আগে অবশ্যই ঘর পরিষ্কার করে যান।
  • বাড়ি ছাড়ার আগে ময়লা আবর্জনা ফেলে দিতে ভুলবেন না। তা না হলে সেগুলো পঁচে-গলে ঘরভর্তি দুর্গন্ধ ছড়াবে। বিশেষ করে রান্নাঘর পরিষ্কারের সময় বেশি মনোযোগী হোন।
  • দীর্ঘদিনের জন্য ঘরের বাইরে গেলে অবশ্যই ফ্রিজ খালি করুন। ফ্রিজে যদি পচনশীল খাবার থাকে তাহলে তা ফেলে দিন না হয় খেয়ে নিন তখনই। এছাড়া ফ্রিজ খালি করে বন্ধ করে গেলে বিদ্যুৎ বিলও বাঁচবে।
  • লাইট, ফ্যান, টিভি, ওয়াইফাইসহ ঘরের সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনপ্লাগ করুন। বাড়িতে এয়ার কন্ডিশনার থাকলে সেটি বন্ধ করুন ও আনপ্লাগ করুন। গিজার থাকলে সেটিও মনে করে আনপ্লাগ করে রাখুন।
  • ওয়াশিং মেশিনের ক্ষেত্রেও একই কাজ করা জরুরি। ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই ফ্যান, লাইটসহ সব ধরনের পাওয়ার সুইচ বন্ধ করে যান। না হলে ঘটতে পারে দুর্ঘটনা।
  • গ্যাসের চুলা বন্ধ আছে কি-না নিশ্চিত হোন। অনেক সময় গ্যাসের চুলা ঠিকভাবে বন্ধ হয় না। আগুন না জ্বললেও দেখা যায় আস্তে আস্তে গ্যাস বের হয় চুলা থেকে। এক্ষেত্রে বিস্ফোরণ ঘটার ঝুঁকি বেড়ে যায়। তাই ঘর থেকে বের হওয়ার আগে অবশ্যই গ্যাসের চাবি ঠিকমতো বন্ধ করেছেন কি-না তা যাচাই করুন।
  • অবশ্যই ঘরের ফার্নিচার ঢেকে রাখুন। এতে ফার্নিচার কেবল ধূলা-বালিমুক্ত থাকবে।
  • সব পানির ট্যাপগুলো চেক করে নিন, কোনো খোলা থাকলে তা বন্ধ করুন। এমনকি বাথরুমে বালতি, মগ বা বদনায় পানি রাখবেন না। দীর্ঘদিন জমে থাকা পানিতে মশার প্রজনন ঘটতে পারে।
  • বারান্দার শখের গাছগুলোতে পানি দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা নিন। প্রয়োজনে ছাদে বা গ্রাউন্ড ফ্লোরে রেখে বাসার কেয়ারটেকারকে নিয়মিত পানি দিতে বলতে পারেন।

আপনার এই কয়েকটি পদক্ষেপ দীর্ঘসময়ের ছুটিকে করবে নিশ্চিন্ত ও আনন্দময়।

   

About

Popular Links

x