ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। আগামী ১১ জুন মাঠে গড়ানোর কথা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফুটবল আসরের। এরই মধ্যে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সুখবর পেয়েছে ভারত, তবে বাংলাদেশে এখনো কাটেনি অনিশ্চয়তা।
সোমবার (১ জুন) জি এন্টারটেইনমেন্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে তারা ২০২৬ ফিফা বিশ্বকাপসহ ২০৩৪ সাল পর্যন্ত ফিফার আরও ৩৮টি ইভেন্ট সম্প্রচারের স্বত্ব অর্জন করেছে। যদিও চুক্তির আর্থিক বিস্তারিত প্রকাশ করা হয়নি, ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, স্বত্ব কেনার মূল্য ৩০ থেকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে হতে পারে। ফলে তুলনামূলক স্বল্পমূল্যে ভারতের দর্শকরা বিশ্বকাপ উপভোগের সুযোগ পাবেন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা শুরুতে ভারতের জন্য সম্প্রচার স্বত্বের মূল্য ১০০ মিলিয়ন ডলার নির্ধারণ করেছিল। পরে সেই মূল্য কমিয়ে ৬০ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়। এর আগে গত ১৫ মে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিএমজি প্রায় ৬০ মিলিয়ন ডলারে ২০২৬ বিশ্বকাপের একচেটিয়া সম্প্রচার স্বত্ব কিনে নেয়।
অন্যদিকে, বাংলাদেশে এখনো বিশ্বকাপ সম্প্রচার নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জানা গেছে, দেশের জন্য সম্প্রচার স্বত্ব বাবদ ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার (প্রায় ১৫১ কোটি টাকা) দাবি করা হয়েছে। কর, ভ্যাট ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় যুক্ত হলে মোট খরচ প্রায় ২০০ কোটি টাকায় পৌঁছাতে পারে।
এই বিপুল ব্যয়ের কারণেই বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কিংবা দেশের কোনো বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এখন পর্যন্ত স্বত্ব কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। ফলে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দর্শকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যয় কমিয়ে দেশের দর্শকদের জন্য বিশ্বকাপ সম্প্রচারের উদ্যোগ এখনো অব্যাহত রয়েছে। এ বিষয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। দেশের কয়েকটি বেসরকারি সম্প্রচারমাধ্যম যৌথভাবে স্বত্ব কেনার সম্ভাবনা নিয়ে আলোচনা চালাচ্ছে। এর মধ্যে টি-স্পোর্টস ও স্টার নিউজের অংশীদারিত্বের একটি উদ্যোগের কথাও শোনা যাচ্ছে। পাশাপাশি দুবাইভিত্তিক একটি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার বিষয়েও আলোচনা চলছে।
এদিকে সরকার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে বিনা মূল্যে বিশ্বকাপ দেখানোর প্রস্তাব দিলেও ফিফা তাতে সম্মতি দেয়নি। ফলে বিশ্বকাপ শুরুর দিন যত এগিয়ে আসছে, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অপেক্ষা ও উৎকণ্ঠাও ততই বাড়ছে।



