Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাকসু নির্বাচনে ক্যাম্পাসে সেনা মোতায়েন চায় প্রশাসন

বিশ্ববিদ্যালয়ের ভেতরে সভা-সমাবেশ ও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৬:০৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ সামনে রেখে সার্বিক নিরাপত্তার জন্য সেনা মোতায়েন চায় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে তিনদিনের জন্য ক্যাম্পাসে সেনা মোতায়েন রাখতে ইতোমধ্যে সেনাপ্রধানের কাছে আবেদন পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম রাশিদুল আলম ঢাকা ট্রিবিউনকে বলেন, “আসন্ন জাকসু নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ উদ্যোগ। ক্যাম্পাসের নিরাপত্তা বেষ্টনী জোরদার করতে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমরা আলোচনা করেছি। পাশাপাশি নির্বাচনের দিন, এর আগের দিন ও পরের দিন সেনা মোতায়েনের জন্য ইতোমধ্যে সেনাপ্রধানের কাছে আবেদন পাঠানো হয়েছে।”

এছাড়াও, ক্যাম্পাসে নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, কর্মসূচি এবং ২৫ জনের অধিক জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে ক্যাম্পাসে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, কর্মসূচি এবং ২৫ জনের অধিক জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

   

About

Popular Links

x