Monday, June 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফেনীতে চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

আগুনে ট্রেনটিতে কর্মরত সহকারী লোকমাস্টার আহত হয়েছেন

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পিএম

ফেনী রেলস্টেশনে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে ট্রেনটিতে কর্মরত সহকারী লোকমাস্টার মো. কায়সার আহত হন। পরে তাকে ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। ফেনী রেলস্টেশনের (ভারপ্রাপ্ত) স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলন্ত ট্রেনটির পাওয়ার কারে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন ইঞ্জিনে ছড়িয়ে পড়ে। এতে ইঞ্জিনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আগুন লাগার পর ট্রেনের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন আরও জানান, চট্টগ্রাম থেকে বিকল্প একটি ইঞ্জিন আনা হচ্ছে। নতুন ইঞ্জিন সংযুক্ত করা সম্ভব হলে দুপুর ১টার মধ্যে ট্রেনটি ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে।

ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x