রাজধানীর সংসদ ভবন এলাকায় গণপূর্ত অধিদপ্তরের একটি একতলা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৩টা ১৯ মিনিটের দিকে কার্যালয়ের একটি কক্ষে থাকা এসি থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. শাহাজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংসদ ভবন এলাকার গণপূর্ত অধিদপ্তরের একতলা একটি ভবনের কক্ষে থাকা এসির ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত তৎপরতায় বিকেল ৪টার আগেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, এসির বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



