আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্য নিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক হয়, যেখানে প্রস্তুতি ত্বরান্বিত করে দ্রুত অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার (ওআরএটি) কার্যক্রম শুরুর ওপর জোর দেওয়া হয়।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। আলোচনায় উঠে আসে বাংলাদেশ-জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দেশের অবকাঠামো উন্নয়নে জাপানের ভূমিকার প্রসঙ্গ।
মন্ত্রী আফরোজা খানম জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তৃতীয় টার্মিনাল উদ্বোধনে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, “নির্ধারিত সময়সূচি বজায় রাখতে জাপানিজ স্টেকহোল্ডার ওয়ার্কিং গ্রুপের দরপত্র দাখিল প্রক্রিয়া আগামী মাসের মধ্যে সম্পন্ন হওয়া জরুরি।“ তিনি জাপানকে বাংলাদেশের অন্যতম পুরোনো ও বিশ্বস্ত উন্নয়ন অংশীদার আখ্যায়িত করে বলেন, “তৃতীয় টার্মিনাল নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।“
জাপানের বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন এবং তৃতীয় টার্মিনালসহ চলমান উন্নয়ন উদ্যোগে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে সম্প্রতি পুনরায় চালু হওয়া ঢাকা-নারিতা রুটের ফ্লাইট চালুর স্মারক হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের একটি প্রতিকৃতি জাপানি অতিথির হাতে তুলে দেন দুই মন্ত্রী।



