Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

উড্ডয়নের পরপরই এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের ইঞ্জিন বিকল

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটটি জরুরি অবতরণ করেছে

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৯ পিএম

এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

রবিবার (৫ জুলাই) চট্টগ্রামগামী ফ্লাইটটি উড্ডয়নের পরপরই উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টার চেয়ে প্রায় দেড় ঘণ্টা বিলম্বে, দুপুর ১২টার দিকে ফ্লাইটটি ঢাকা থেকে রওনা হয়। তবে উড্ডয়নের মাত্র দুই থেকে তিন মিনিটের মাথায় উড়োজাহাজটির একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ সময় পাইলট তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

পরবর্তীতে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয় এবং এতে থাকা ৭০ জন যাত্রীর সবাই অক্ষত ও নিরাপদ রয়েছেন। তবে উড়োজাহাজটিতে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, উড্ডয়নের পরপরই একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ফ্লাইটটি আর যাত্রা করেনি।

তিনি আরও জানান, উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে এবং নিরাপদ জরুরি অবতরণ করে। যাত্রীদের সবাই সুরক্ষিত আছেন।

এয়ার অ্যাস্ট্রার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) এএফএম রুবায়েত উল্লাহ জানান, উড্ডয়নের পরপরই উড়োজাহাজটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। ফলে এটি ফিরে আসে এবং নিরাপদে অবতরণ করে। পরবর্তীতে অন্য একটি উড়োজাহাজের ব্যবস্থা করে ৭০ জন যাত্রীর সবাইকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x