দেশে গত ২৪ ঘণ্টায় (১৭ মে সকাল ৮টা থেকে ১৮ মে সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৪৬৪ প্রাণহানির তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, একই সময়ে সারা দেশে হামের লক্ষণ নিয়ে নতুন করে ১ হাজার ৪০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ৮৯ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
চলতি বছর বাংলাদেশে এ পর্যন্ত হামের সংক্রমণ নিশ্চিত হওয়া অন্তত ৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৮৯ শিশু। অর্থাৎ, এ বছর এখন পর্যন্ত এই রোগে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে মোট ৪৬৪ এ।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে দেশে মোট ৭ হাজার ৮৫৬ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
সারা দেশে এখন পর্যন্ত ৫৪ হাজার ৯১১ জন সম্ভাব্য হাম আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩৯ হাজার ৯৮০ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।



