পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দ্বিতীয় দিনের মতো শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। এসময় তারা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
অবরোধ চলায় রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। মিরপুর রোড, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, ধানমন্ডি ও শাহবাগমুখী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ।

দেখা গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা দলে দলে এসে মোড়ে জড়ো হচ্ছেন। পরে তারা সড়কে বসে পড়লে চারদিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীদের ‘দফা এক, দাবি এক - শিক্ষামন্ত্রীর পদত্যাগ,’, ‘তুমি কে, আমি কে - ফার্মের মুরগি’ এমন স্লোগান দিতে শোনা যায়। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ডও ছিল।
এদিকে, অবরোধের কারণে সায়েন্সল্যাব মোড় দিয়ে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে মিরপুর, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি ও শাহবাগমুখী সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। অনেক যাত্রীকে বাস ও অন্যান্য যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা যায়।
অন্যদিকে, ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
প্রসঙ্গত, আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।



উত্তরায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের অবস্থান, তীব্র যানজট
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ