সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে লাগা আগুন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অধিকতর তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে সরকার সে অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদে এ বিষয়ে জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরোনো এবং বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল থাকায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রাথমিক তদন্তে পেট্রলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।“
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। এনসিপি ও নুসরাতের অভিযোগ, এটি পেট্রলবোমা হামলা এবং এর জন্য তারা জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করছেন। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন এই আগুনকে নিজেদের সফলতা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস প্রকাশ করেন।
বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরুর পর প্রশ্নোত্তর পর্বে বিষয়টি তোলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। স্পিকার তাকে প্রশ্নোত্তর পর্ব শেষে বক্তব্য দেওয়ার অনুরোধ জানান। তবে একজন সংসদ সদস্যের বাড়িতে হামলাকে গুরুতর ঘটনা উল্লেখ করে নাহিদ বক্তব্য চালিয়ে যেতে চান। এ সময় স্পিকার বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত নেই, থাকলে তিনি জবাব দিতে পারতেন।“
জবাবে শ্লেষাত্মক ভঙ্গিতে নাহিদ জানান, এই সরকারের কাছ থেকে তারা জবাব আশা করেন না। সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়াদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে অভিযোগ করে তিনি প্রশ্ন তোলেন, সরকার আদৌ নিরাপত্তা দেবে কি না, না দিতে পারলে তা যেন তাদের জানিয়ে দেওয়া হয়।
নাহিদ ইসলাম আরও বলেন, “আমাদের মানবাধিকার না থাকলে এবং শত্রুর মানবাধিকার নিয়ে সরকারের মনোযোগ বেশি থাকলে তাদের নিজেদের পথ দেখতে হবে। তিনি সতর্ক করে বলেন, “এনসিপি যদি প্রথম লক্ষ্য হয়, তাহলে দ্বিতীয় লক্ষ্য হবে বিএনপি। আমাদের পরিবার আক্রান্ত হলে ফ্যাসিবাদী শক্তির হাতে বিএনপি নেতাদের পরিবারও আক্রান্ত হবে।“ আওয়ামী লীগের বিষয়ে সরকারের আপসকামী মনোভাব দেখছেন বলেও অভিযোগ করেন তিনি।
তদন্ত নিয়ে প্রশ্ন তুলে নাহিদ জানান, পুলিশ সুপার বলছেন ফরেনসিক পরীক্ষা শেষ হয়নি, অথচ ওসি বলছেন পেট্রলবোমার আলামত নেই। তদন্তের আগেই ওসি কীভাবে এমন মন্তব্য করলেন, সে প্রশ্ন তোলেন তিনি।
মৌলভীবাজারের ঘটনাও সংসদে তুলে ধরেন নাহিদ। মঙ্গলবার সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলা করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান, যা তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। নাহিদ বলেন, “ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও একজনও গ্রেপ্তার হয়নি। অথচ সারাদেশে মুহুর্মুহু পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটছে।“
পরে সংসদের বৈঠকে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে ঘরে আগুন লেগেছে, সেখানে কেউ বসবাস করতেন না। নুসরাতের বাবা-মা প্রায় ২০ মিটার দূরে আরেকটি ঘরে ছিলেন। পরিত্যক্ত বা কম ব্যবহৃত ওই ঘরে দুটি ছাগল, কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম, কাপড় ও অন্যান্য জিনিসপত্র ছিল। আগুনে এসব জিনিস পুড়ে যায় এবং ছাগল দুটি মারা যায়।
তিনি জানান, ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং এর ভিত্তিতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। খবর পাওয়ার পরপরই পাশের থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ও বিজিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের প্রকৃত কারণ খুঁজে বের করতে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে নিয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ঘটনার পেছনে কারও নাশকতামূলক সংশ্লিষ্টতা অধিকতর তদন্তে প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একজন সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়া সবার জন্যই উদ্বেগের বিষয়।“



