উন্মোচনের দুই মাসের মধ্যেই ১০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট “চ্যাটজিপিটি”। জনপ্রিয় ভিডিও বিনিময়ের নেটওয়ার্ক টিকটক এই মাইলফলক অর্জন করেছিল ৯ মাসের মাথায়।
বুধবার (১ ফেব্রুয়ারি) বিষয়টি উঠে এসেছে সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান “ইউবিএস”-এর গবেষণাপত্রে।
গবেষণাপত্রে বলা হয়েছে, মাসে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দৈনিক ব্যবহারকারীও বেড়েছে চ্যাটজিপিটির। জানুয়ারি মাসে এক কোটি ৩০ লাখ মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেছেন, যা ডিসেম্বরের তুলনায় দ্বিগুণেরও বেশি। আর শুধু জানুয়ারি মাসেই চ্যাটজিপিটি ব্যবহার করা হয়েছে প্রায় ৫৯ কোটিবার।
গবেষণাপত্রে ইউবিএস বিশ্লেষকরা বলেন, “ইন্টারনেট অনুসরণের ২০ বছরের মধ্যে, আমরা কোনো ইন্টারনেট অ্যাপের এতো দ্রুত গ্রাহক বৃদ্ধি পেতে দেখিনি।
বাজার বিশ্লেষক সংস্থা সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, বাজারে আসার পর ১০ কোটি গ্রাহকের মাইলফলকে পৌঁছাতে টিকটকের সময় লেগেছিল ৯ মাস। আর ইনস্টাগ্রামের লেগেছিল প্রায় আড়াই বছর।
সম্প্রতি চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এর আগেও ওপেনএআইয়ে বিনিয়োগ করেছিল প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, চ্যাটবট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গঠন করা হয়। এটি যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে দিতে পারে। নিজে থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখতে পারে। নির্ভুল শব্দচয়ন এবং ভাষা ব্যবহার করায় বোঝার উপায় থাকে না যে, এগুলো মানুষ না যন্ত্র লিখেছে। বিনামূল্যে এই সুবিধা পাওয়ায় দ্রুত চ্যাটবটটির ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।



