Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আফগানিস্তানে নারীদের রূপচর্চা কেন্দ্র বন্ধের নির্দেশ

নতুন করে ক্ষমতায় আসার পর তালেবান প্রশাসন নারীদের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করে চলেছে

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০১:৩২ পিএম

আফগানিস্তানে নারীদের রূপচর্চা কেন্দ্র (বিউটি সেলুন বা বিউটি পার্লার) নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার এক মৌখিক আদেশে এ সিদ্ধান্ত দিয়েছেন বলে জানিয়েছে দেশটির নীতি ও নৈতিকতাবিষয়ক মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ মাহাজার জানান, রাজধানী কাবুলসহ আফগানিস্তানজুড়ে এ আদেশ কার্যকর করা হবে।

সে অনুযায়ী এখন যেসব রূপচর্চা কেন্দ্রের কার্যক্রম চলছে, সেগুলো বন্ধ করতে হবে। নতুন করে লাইসেন্স দেওয়া বন্ধ থাকবে। বাতিল করা হবে আগের দেওয়া লাইসেন্স।

নীতি ও নৈতিকতাবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র আকিফ মাহাজার আরও জানান, এরই মধ্যে কাবুল পৌরসভাকে নারীদের রূপচর্চা কেন্দ্রগুলোর লাইসেন্স বাতিল করতে বলা হয়েছে।

নতুন করে ক্ষমতায় আসার পর তালেবান প্রশাসন নারীদের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করে চলেছে। এরই মধ্যে নারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

পার্ক ও বিনোদন কেন্দ্রের দরজাও নারীদের জন্য বন্ধ করা হয়েছে। বন্ধ করা হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কার্যক্রম। আন্তর্জাতিক মহলে তালেবান সরকারের এসব পদক্ষেপ নিয়ে চলছে নানা সমালোচনা।

   

About

Popular Links

x