হিজাব ঠিকমতো না পরার অভিযোগে নেতিকতা পুলিশের হাতে আটকের পর ইরানি তরুণী মাহসা আমিনির (২২) হত্যার প্রতিবাদে ইরানে বিক্ষোভ চলছে।
এই বিক্ষোভে সংহতি জানিয়েছেন বিশ্বের অনেক নেতা ও অধিকারকর্মীরা। যুক্তরাজ্যে পরিচালিত ফার্সি ভাষার সংবাদমাধ্যমে ইরানের বিক্ষোভ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
অন্যদিকে নরওয়ের সংসদের প্রেসিডেন্ট মাসুদ ঘরাহখানির মন্তব্যের কারণে তেহরানে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতকেও তলব করেছে ইরান।
তেহরানে জন্মগ্রহণ করা নরওয়ের সংসদের প্রেসিডেন্ট মাসুদ ঘরাহখানি রবিবার (২৫ সেপ্টেম্বর) টুইটারে লিখেছিলেন, ‘‘আমার মা-বাবা যদি ১৯৮৭ সালে পালানোর সিদ্ধান্ত না নিত তাহলে আমিও তাদের একজন হতাম যারা রাস্তায় জীবন বাজি রেখে লড়ছে।'”
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বরেল ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযানকে “অগ্রহণযোগ্য ও অযৌক্তিক” বলে আখ্যায়িত করেছেন।
ঠিকমতো হিজাব না পরায় মাহসা আমিনিকে ধরে নিয়ে গিয়েছিল ইরানের নৈতিকতা পুলিশ। এর তিনদিন পর ১৬ সেপ্টেম্বর তার মৃত্যুর খবর জানানো হয়। এরপর থেকে ইরানের বিভিন্ন এলাকায় নারীরা বিক্ষোভ করছেন। প্রকাশ্যে তারা হিজাব খুলে ফেলছেন।
হিউম্যান রাইটস ওয়াচের গবেষক তারা সেপেহরি ফার ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাধ্যতামূলক হিজাবের বিরুদ্ধে ইরানি সমাজের ভেতর এবং দেশের ভেতর এমন সমালোচনা আমি আগে দেখিনি। পুরুষরাও বিক্ষোভে অংশ নিচ্ছেন। বিক্ষোভ দমাতে নিরাপত্তা বাহিনী কখনো আকাশ লক্ষ্য করে, কখনোবা বিক্ষোভকারীদের দিকে গুলি ছুড়ছে। এর জবাবে বিক্ষোভকারীরা পুলিশের দিকে লক্ষ্য করে পাথর ছুড়ছেন, পুলিশের গাড়ি ও সরকারি ভবনে আগুনও ধরিয়ে দিচ্ছেন।”
বিক্ষোভে অন্তত ৪১ জন প্রাণ হারিয়েছেন বলে রবিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এদের বেশিরভাগই বিক্ষোভকারী। কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।
তবে অসলোভিত্তিক “ইরান হিউম্যান রাইটস” মৃত্যুর সংখ্যা অন্তত ৫৭ বলে দাবি করছে। বিক্ষোভ দমাতে ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় তথ্য পাওয়া কঠিনতর হয়ে উঠেছে বলে সংস্থাটি জানিয়েছে।
এখন পর্যন্ত সংস্কারপন্থি অ্যাক্টিভিস্ট, মানবাধিকার কর্মী ও সাংবাদিকসহ কয়েকশ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শনিবার বিক্ষোভ দমাতে “নিষ্পত্তিকারক” পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।
আরও পড়ুন-
- অস্কারজয়ী নির্মাতা: নারীরাই ইরানের যুগান্তকারী পরিবর্তনের অগ্রদূত
- ইরানে হিজাববিরোধী বিক্ষোভে নিহত ৫০
- ইরান ইস্যুতে মালালা: হিজাব পরতে বাধ্য করলে প্রতিবাদ করবো
- চলমান বিক্ষোভকে ‘অগ্রহণযোগ্য’ বললেন ইরানের প্রেসিডেন্ট
- মাহসার মৃত্যু: ইরানের ৩০টিরও বেশি শহরে বিক্ষোভ, নিহত বেড়ে ৩১
- মাহসার মৃত্যু: ইরানে ইন্টারনেট সেবা বন্ধ, বিক্ষোভ-সহিংসতায় নিহত ১৭
- ইরানে মাহসার মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ, সহিংসতায় নিহত ৬
- হিজাব পুড়িয়ে ইরানি নারীদের মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদ
- ইরানে মাহসার মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল-ধরপাকড়
- পুলিশি হেফাজতে মৃত ইরানি তরুণীর জানাজায় বিক্ষোভ
- হিজাব না পরায় গ্রেপ্তার, পুলিশি হেফাজতে ইরানি তরুণীর মৃত্যু



