Friday, September 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইয়েমেনের গুরুত্বপূর্ণ শহর হুথিদের দখলে, বাব আল-মান্দেব নিয়ন্ত্রণের পথে

একই সময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হানিশ দ্বীপপুঞ্জেও হুথিরা হামলা চালাচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম

ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে নেওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পথে গোষ্ঠীটি আরও এগিয়ে গেল বলে জানিয়েছেন ইয়েমেনের সামরিক কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইয়েমেনের চার সামরিক কর্মকর্তা মোখা হুথিদের নিয়ন্ত্রণে যাওয়ার তথ্য নিশ্চিত করেন। তাঁদের ভাষ্য, মোখা দখলের ফলে লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত বাব আল-মান্দেব প্রণালির ওপর প্রভাব বিস্তারের জন্য হুথিরা আরও সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে।

একই সময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হানিশ দ্বীপপুঞ্জেও হুথিরা হামলা চালাচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বাব আল-মান্দেব বিশ্বের অন্যতম ব্যস্ত নৌবাণিজ্যপথ। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী এই প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

ইয়েমেনে হুথিদের সঙ্গে সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মিত্রদের সংঘাত এমন সময়ে তীব্র হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত ঘিরে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

হুথিরা জুলাইয়ে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয়। এরপর সেপ্টেম্বর থেকে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হামলা আরও জোরদার করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক সৌদি আরব লোহিত সাগরের নৌপথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ইরান-সংক্রান্ত সংঘাতের কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এই নৌপথের গুরুত্ব আরও বেড়েছে। একসময় বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করত।

এদিকে বৃহস্পতিবার সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইত শহরে হুথিদের হামলার আশঙ্কায় ২৪ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো জরুরি সতর্কতা জারি করে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

সংকট আরও ছড়িয়ে পড়া ঠেকাতে ইয়েমেনের হুথি মিত্রদের নিবৃত্ত করতে ইরানকে সৌদি আরবের পক্ষ থেকে সতর্কবার্তা দিয়েছে পাকিস্তান। সৌদি, পাকিস্তানি ও ইরানি সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে সংশ্লিষ্টরা।

একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার পাকিস্তান তেহরানের কাছে এ বার্তা পৌঁছে দিয়েছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, হুথি বিদ্রোহীদের ওপর তেহরানের সরাসরি নিয়ন্ত্রণ নেই।

ইয়েমেনে সৌদি আরব-সমর্থিত বাহিনী ও হুথিদের সংঘাত এমন এক সময়ে সামনে এসেছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরুর পর উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজকে ঘিরে বড় ধরনের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

   

About

Popular Links

x