কবি কাজী নজরুল ইসলামের “কারার ওই লৌহ কপাট” গানটি নতুন সুরে গেয়ে সমালোচনায় পড়েছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক এ আর রহমান।
শ্রোতাদের অভিযোগ, গানটিকে বিকৃত করেছেন এ আর রহমান। এই গান বাঙালিরা যেভাবে শুনতে অভ্যস্ত, তাকে নষ্ট করেছেন তিনি।
১৯৭১ এর ভারত পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হওয়া বলিউড পরিচালক রাজাকৃষ্ণ মেননের ছবি “পিপ্পা”য় নজরুল ইসলামের লেখা “কারার ওই লৌহ কপাট” গানটি ব্যবহার হয়েছে। গানটি রিমেক করেছেন এ আর রহমান। আর তা শুনেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে নেটিজেনদের একাংশ।
তাদের দাবি, এই গানটি শুনলে গায়ে কাঁটা দেয়। দেশাত্মবোধের ভাব মনকে নাড়া দিয়ে যায়। গানটির কথা ও সুর ভাবায়, মনে ছাপ ফেলে। কিন্তু নতুন রিমেকে সেই ভাবটি পুরোপুরি উধাও।
গানটি এ আর রহমানের ইউটিউব চ্যানেলে আপলোড করার পর থেকেই ক্ষুব্ধ অনেকেই নানা রকম মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন, মনটা জাস্ট ভেঙে গেল। এআর রহমান এত সুন্দর গানটির পুরো বারোটা বাজিয়ে দিয়েছেন।
কেউ কেউ আবার লেখেন, সঠিক সুরে সঠিক ভাবে গানটি বানালে ভালো হতো। আসল গানটা শুনলে যে অনুপ্রেরণা পাই তার তা এটা থেকে পাওয়া যাচ্ছে না। গানের আত্মাটাই নষ্ট।
সোমা পত্রা নামের একজন লিখেছেন, “কাজী নজরুল ইসলামের এমন একটি গানের আত্মাকে ধ্বংস করা হয়েছে। যে গান আমাদের দেশের স্বাধীনতার মতো বিষয়ের সঙ্গে জড়িত, যা শুনলে আমাদের মহান বিপ্লবীদের প্রতি মাথা নত হয়ে আসে। তা নষ্ট করার অধিকার কারোর নেই। এ আর রহমানের মতো শিল্পীর কাছ থেকে এটা আশা করিনি। একজন শ্রোতা হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানালাম।”
কৃষ্টি চট্টোপাধ্যায় লিখেছেন, “হোক প্রতিবাদ। হোক কলরব। এতটা স্বাধীনতা শুধু স্পর্ধা নয়, দু–স্পর্ধা।”।
এম ডি আলামিন নামের একজন লিখেছেন, “পর্যাপ্ত গবেষণা না করে রক্ত গরম করা গানটাকে রক্ত ঠান্ডা করা গানে পরিণত করলেন।”।
এ আর রহমানের সংগীতায়োজনে “কারার ঐ লৌহকপাট’ গানটিতে কণ্ঠ দিয়েছেন একাধিক ভারতীয় বাঙালি গায়ক। তাদের মধ্যে আছেন তীর্থ ভট্টাচার্য, রাহুল দত্ত, পীযূষ দাস, শালিনী মুখোপাধ্যায় প্রমুখ।



