ম্যানচেস্টার সিটির সঙ্গে পেপ গার্দিওলার চুক্তি রয়েছে ২০২৫ সাল পর্যন্ত। তার ভবিষ্যৎ গন্তব্য কোথায়, তা নিয়ে বেশ গুঞ্জন রয়েছে। সময়ের অন্যতম সেরা এই কোচ এবার আগ্রহ প্রকাশ করেছেন, ক্লাব ফুটবলের পর জাতীয় দলের দায়িত্ব নেওয়ার।
ক্লাব ফুটবলে কোনো অর্জনই গার্দিওলার বাকি নেই। ছুঁয়ে দেখেছেন সব সাফল্য। ইএসপিএনকে গার্দিওলা জানিয়েছেন, তার ইচ্ছা কোনো একটি জাতীয় দলের হয়ে অন্তত একটি শিরোপা জিততে চান তিনি; সেটা হতে পারে বিশ্বকাপ, ইউরো ও কোপা আমেরিকা।
তবে ঠিক কোন জাতীয় দলের হয়ে কোচিং করাতে চান সেটি অবশ্য নির্দিষ্ট করেননি গার্দিওলা। এমন প্রশ্নে তিনি বলেছেন, “কোচিং করানোর জন্য তো প্রথমে কোনো একটি দল থেকে আমাকে নিয়ে আগ্রহ দেখাতে হবে, ঠিক যেমনটি ক্লাবের ক্ষেত্রে হয়ে থাকে।”
এর আগেও যদিও জাতীয় দলের হয়ে গার্দিওলার কোচিংয়ের সম্ভাবনা নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। শোনা গিয়েছিল, ব্রাজিল, ইংল্যান্ড ও যুক্তরাষ্টের মধ্যে কোনো একটি দেশের জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন গার্দিওলা। তবে এসব গুঞ্জন আর সত্যি হয়নি। তবে এখনই জাতীয় দলের হয়ে কোচিং করাচ্ছেন না এটি মোটামুটি নিশ্চিত। সিটির সঙ্গে তার চুক্তির মেয়াদ বাড়ানোরও সম্ভাবনা রয়েছে।
ক্লাব ফুটবলে কোচিং ক্যারিয়ারে বিভিন্ন সময়ে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের দায়িত্বে থাকা গার্দিওলার ঝুলিতে রয়েছে ৩৭টি ট্রফি। কোচ হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপার স্বাদ পেয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ কিংবা লা লিগা, কোনোটিই জিততে বাকি নেই তার।
গার্দিওলা বলেছেন, “বিশ্বকাপ, ইউরো কিংবা কোপা আমেরিকায় কেমন লাগে, সেই অভিজ্ঞতা নিতে চাই। জানি না, এটা কবে হবে। এখন থেকে ৫, ১০ কিংবা ১৫ বছরও লেগে যেতে পারে। তবে বিশ্বকাপে কোচিংয়ের অভিজ্ঞতাটা নিতে চাই।”



