Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধূমপান করতে নিষেধ করায় শিক্ষককে ছুরিকাঘাত

শিক্ষক শামীম হোসেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০৮:৫৬ পিএম

কুষ্টিয়া সদর উপজেলায় ধূমপান করতে নিষেধ করায় শামীম হোসেন নামে এক কলেজ শিক্ষককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই শিক্ষকের বড় ভাই শাহীন বিশ্বাসকেও মারধর করা হয়।

শনিবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের ফারাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিক্ষক শামীম হোসেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক।

আহতদের রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফারাজীপাড়া জামে মসজিদের পাশের একটি দোকানে ধূমপান করছিল এলাকার কিছু তরুণ। এ সময় কলেজ শিক্ষক শামীম হোসেন তাদের ধূমপান করতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জয়, প্রান্ত, পান্থ, জিসান, সাফায়েত, রাব্বি, হাবিবুর রহমান হ্যাপিসহ বেশ কয়েকজন তরুণ সংগঠিত হয়ে শিক্ষককে ছুরিকাঘাত করে। এ সময় তার ভাইকেও মারধর করে। এরপর বাড়িঘর ভাঙচুর করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রাতেই ভুক্তভোগী কলেজ শিক্ষক কুষ্টিয়া মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এ মামলার দুইজন আসামিকে পুলিশ রাতেই গ্রেপ্তার করে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

   

About

Popular Links

x