বছরের পর বছর ধরে গুঞ্জন শুধু ডালপালাই মেলেছে। তবে কিলিয়ান এমবাপে এবার আনুষ্ঠানিকভাবে বলে দিলেন, এ মৌসুমের পর পিএসজিতে আর থাকছেন না তিনি।
শুক্রবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও বার্তা পোস্ট করেন এমবাপ্পে। সেখানেই মৌসুম শেষে পিএসজি ছাড়ার বিষয়টি জানান তিনি।
এমবাপ্পে বলেন, “আমি সবসময় বলেছি সময় হলে আমি নিজেই আপনাদের বলব। সেই সময় এসেছে। এ বছরের পর আমি আর (পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ) বাড়াচ্ছি না। আগামী রবিবার আমি (পিএসজির জার্সিতে) শেষ ম্যাচ খেলব।”
তিনি বলেন, “পিএসজির সঙ্গে আমার অনেক আবেগ জড়িয়ে আছে। ফ্রান্সের সেরা তো বটেই, বিশ্বের অন্যতম সেরা এ ক্লাবটির জার্সি গায়ে দীর্ঘদিন খেলার সুযোগ হয়েছে আমার।”
নিজের অভিজ্ঞতা শেয়ার করে এমবাপে বলেন, “বিশ্বের সেরা খেলোয়াড়দের অনেকের সঙ্গেই আমাকে খেলার সুযোগ করে দিয়েছে পিএসজি। এখানেই আস্তে আস্তে বড় হয়েছি। খেলোয়াড় হিসেবে অনেক কিছু শিখেছি, শিখেছি মানুষ হিসেবেও।”
পিএসজিতে তার সাবেক ও বর্তমান কোচ এবং সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমবাপে। তিনি বলেন, “আমি কখনোই ভাবিনি ক্লাব ছেড়ে যাওয়ার ঘোষণা দেওয়া এত কঠিন হবে। এখানে ৭ বছর ধরে আছি। নিজের দেশ, প্যারিস ছেড়ে যাওয়াটা সত্যিই কঠিন। তবে এখন মনে হচ্ছে নতুন চ্যালেঞ্জ নেওয়ার সময় এসেছে।”
ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “এতগুলো বছর ধরে আপনারা যে পরিমাণ ভালোবাসা আমাকে দিয়েছেন, অনেক সময় হয়তো তার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছি। কিন্তু বিশ্বাস করুন, আমি সবসময়ই নিজের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি সবসময় আপনাদের সঙ্গে কাটানো স্মৃতি আমার হৃদয়ে রাখব।”
নিজের ভবিষ্যৎ ঠিকানা নিয়ে কিছু না বললেও ইউরোপিয়ান ফুটবলের খোঁজখবর রাখা অধিকাংশই জানেন, রিয়াল মাদ্রিদই হতে পারে এমবাপের নতুন ঠিকানা।
গত কয়েক মৌসুম ধরে এমবাপেকে দলে টানতে কী চেষ্টাটাই না করেছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। এমবাপেকে প্যারিসের ক্লাবটিতে ধরে রাখতে ফ্রান্সের প্রেসিডেন্ট ও কাতারের আমিরের মতো উচ্চ পর্যায়ের মানুষেরাও হস্তক্ষেপ করেছেন বলে গুঞ্জন শোনা গেছে। তবে নতুন করে পিএসজির সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়াতে চাননি এমবাপে।
রবিবার তুলুজের বিপক্ষে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামবেন এমবাপে। সেখানেই ভক্তদের কাছ থেকে শেষ বিদায় নেবেন তিনি।
২০১৭ সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে আসেন এমবাপে। পরের বছরই তাকে কিনে নেয় প্যারিসের দলটি।
প্যারিসের এ ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০৬ ম্যাচে ২৫৫ গোল করেছেন এমবাপে। ১০৮টি অ্যাসিস্টও রয়েছে তার নামের পাশে।



