জ্যৈষ্ঠকে বলা হয় মধুমাস। গ্রীষ্মের এই মাস দেশীয় ফলের ভরা মৌসুম। বাজারে মিলছে হরেক রকম ফল। এই মৌসুমের রসালো ফলগুলোর মধ্যে লিচু অন্যতম। খোসা ছাড়িয়ে এই ফলটি মুখে পুরে দিলেই স্বাদের এক ভিন্ন দুনিয়ায় অবগাহন করতে হয়। তবে এভাবে খাওয়ার পাশাপাশি লিচু কিন্তু একটু ভিন্নভাবেও খাওয়া যায়। আর সেটি হলো, লিচুর পায়েস। এতে করে পায়েস এবং লিচু উভয়ের ভিন্নস্বাদ উপভোগ করতে পারবেন।
চলুন, জেনে নেওয়া যাক লিচুর পায়েস রান্নার প্রণালী সম্পর্কে-
উপকরণ
১০-১৫টি লিচু
১ লিটার দুধ
১ টেবিল চামচ ঘি
আধা কাপ চাল
আধা কাপ চিনি
আধা কাপ খোয়া ক্ষীর
২-৩টি ছোট এলাচ
১টি তেজপাতা
১ টেবিল চামচ কাঠবাদাম
১ টেবিল চামচ কাজুবাদাম
১ টেবিল চামচ পেস্তাবাদাম
১ টেবিল চামচ কিশমিশ
প্রণালী
প্রথমে চাল ভালো করে ধুয়ে নিন। সামান্য পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়েও রাখতে পারেন।
ছোট একটি পাত্রে লিচুর খোসা এবং বীজ ছাড়িয়ে ছোট টুকরো করে রাখুন।
এবার কড়াইতে সামান্য ঘি গরম করে নিন । তার মধ্যে দিয়ে দিন তেজপাতা এবং থেঁতো করা ছোট এলাচ।
সামান্য নাড়াচাড়া করে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিন। চাল একটু ভাজা হলেই দুধ দিতে হবে। একবারে পুরোটা দুধ না দিয়ে অল্প অল্প করে দিন।
চাল সেদ্ধ হয়ে এলে এ বার দিয়ে দিন চিনি এবং খোয়া ক্ষীর। মিনিট দুয়েক নাড়াচাড়া করার পর কেটে রাখা লিচুগুলো দিয়ে দিন। পায়েস ঘন হয়ে এলে ওপর থেকে বাদাম এবং কিশমশ ছড়িয়ে নামিয়ে নিন।
স্বাভাবিক তাপমাত্রায় এলে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা ঠান্ডা লিচুর পায়েস পরিবেশন করুন।



কাঁঠালের বার্গার ও তরকারির সহজ রেসিপি