এক সপ্তাহ পার হয়ে গেছে কোরবানি ঈদের। তবে শেষ হয়নি মাংস খাওয়ার ধুম। তবে ঈদের দিন থেকে শুরু করে মাংস খেতে খেতে অনেকের কাছেই বিষয়টা কিছুটা একঘেয়ে হয়ে উঠেছে। আর এই একঘেয়েমি দূর করতে স্বাদ বদলানো ভীষণ জরুরি। কিন্তু আবার মাংস ছাড়তেও ইচ্ছে করছে না! এ অবস্থায় মাংসের পদেই যদি ভিন্নতা আনা যায়, তাহলে কিন্তু মন্দ হয় না।
আর এক্ষেত্রে বেশ ভালো বিকল্প হতে পারে মাংসের ভর্তা। রান্না মাংস দিয়ে খুব সহজেই বানানো যায় এই রেসিপি। বিশেষ করে গরুর মাংসের ভর্তা আপনাকে দেবে তৃপ্তির ভিন্নমাত্রা।
চলুন, জেনে নেওয়া যাক কীভাবে গরুর মাংসের ভর্তা বানাবেন সে সম্পর্কে-
কয়েক টুকরা রান্না করা গরুর মাংস হাত দিয়ে পাতলা করে ছাড়িয়ে নিন। চাইলে হামানদিস্তায় সামান্য থেঁতলেও নিতে পারেন।
এবার প্যানে সরিষার তেল গরম করুন। পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, কাঁচামরিচ ও রসুন কুচি দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ নরম হয়ে গেলে তেলসহ সব উপকরণ উঠিয়ে নিন।
ঠান্ডা হয়ে গেলে ভাজা মরিচগুলো লবণ দিয়ে ভেঙে নিন। ভাজা পেঁয়াজ ও তেল দিয়ে মেখে ধনেপাতা কুচি দিয়ে দিন। চাইলে কাঁচা মরিচ কুচিও মেশাতে পারেন।
এরপর সব উপকরণের সঙ্গে মাংস ভালোভাবে চটকে নিন। দিয়ে দিন একটু লেবুর রস। এরপর গরম ভাতের সঙ্গে পরিবশেন করুন দারুণ মজার এই ভর্তা।



গরুর মাংসের পায়েস রান্না করবেন যেভাবে