Monday, July 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাতিল হতে পারে ১৫ আগস্টের সরকারি ছুটি

যেকোনো সময় জারি হতে পারে প্রজ্ঞাপন

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৫:৫২ পিএম

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল হচ্ছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত রেখেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে মঙ্গলবারই (১৩ আগস্ট) প্রজ্ঞাপন জারি হতে পারে। কোনো কারণে প্রজ্ঞাপন জারি না হলে বুধবার হবে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিলের পরামর্শ দিয়েছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল।

এদিকে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, “আজ বিকেলে ১৫ আগস্টের ছুটির বিষয়ে আমরা আলোচনা করব। সেখানেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।”

তিনি জানান, ১৫ আগস্ট মাঠে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতে এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি বিজিবি, র‌্যাব এবং সেনাবাহিনীও মোতায়েন থাকতে পারে বলে জানান তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা চারবার ক্ষমতায় আসার পরও ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে হয় তাকে। এরপর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এদিকে, আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।  ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দলীয় নেতাকর্মীদের ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান। অন্যদিকে, একই দিন মাঠে থাকার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফলে ওই দিন রাজধানীতে ফের উত্তাপ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।

   

About

Popular Links

x