শুধু জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (১৯ জুলাই) বিকেলে গণঅধিকার পরিষদ আয়োজিত রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জুলাই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘যারা শুধু এমপি-মন্ত্রী হওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য জুলাইকে ব্যবহার করেছেন, তাদের এখনও সময় আছে, তারা যেই নতুন বন্দোবস্ত ও রাজনীতির নতুন ধারা প্রণয়নের অঙ্গীকার করেছেন, তারা যেন সেটি মানুষের সামনে তুলে ধরেন। তারা নতুন বন্দোবস্তের রাজনীতি কথা বলে পুরাতন বন্দোবস্তের মতো আওয়ামী বন্ধুদের, যুদ্ধাপরাধীদের সঙ্গে দেখা করতে যাবেন- সেটা সঠিক নয়।’’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘সবসময় স্রোতের বিপরীতে, জনগণের চাহিদার বিপরীতে বক্তব্য দিয়ে এ দেশের মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না। নিজেদের রাজনৈতিক হীন স্বার্থের জন্য আপনারা ৪৭-কেও ব্যবহার করেন, একাত্তরকে অস্বীকার করেন, ২৪-কে আবার ব্যবহার করবেন- তা হবে না।’’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘আমাদের রাজনীতি পরিষ্কার। আমাদের সামনের রাজনীতিও পরিষ্কার। আমরা আর কখনো ফ্যাসিবাদের উৎপত্তি চাই না। পরিষ্কার কি না? আমরা আর কখনো রাজপথে গণতন্ত্রের জন্য রক্ত দিতে চাই না। সেই পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে। তাহলে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যটা আমরা ধরে রাখতে হবে।’’



