বেশ কয়েক বছর ধরে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানো হতো। তবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে ইলিশ পাঠানোর আবদার জানিয়ে বাংলাদেশকে চিঠি পাঠিয়েছে ভারত। তবে এবার ভারতে কোনো ইলিশ যাবে না বলে জানেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে “পূজায় ইলিশ পাঠিয়ে বড় মনের পরিচয় দিলে খুশি হতাম”- বলে মন্তব্য করেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মোস্তফা সরয়ার ফারুকী তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে এমন মন্তব্য করেন।
পোস্টে ফারুকী লিখেন, “আনপপুলার অপিনিয়ন কিন্তু কথাটা না বলে পারছিনা। আমি চিরকাল আমাদেরকে উদার, উষ্ণ বলেই জানতাম। আমাদের নাখালপাড়ায় ছোটবেলার একটা রেগুলার দৃশ্য ছিল কোনো বাসায় ভালো কিছু রান্না হলে পাশের বাসায় বাটিতে করে পাঠিয়ে দেওয়া। এটা বেশির ভাগ ক্ষেত্রে জানালা টু জানালা হতো। ফলে পূজায় কলকাতায় ইলিশ না দেওয়ার সিদ্ধান্তটা আমার কাছে ভালো লাগে নি। আপনি মোদী সরকারের বহু নীতির তীব্র সমালোচনা করতে পারেন। আমিও করেছি। আমার বহু ভারতীয় বন্ধুও মোদীর তীব্র সমালোচক। কিন্তু ভারত মানে একশো কোটি মোদী নিশ্চয়ই না। যেমন পাকিস্তান মানেই সব ইয়াহিয়া খান না। ভারতের ভিতরেও যে কত ভারত আছে। যাই হোক, পূজায় ইলিশ পাঠিয়ে বড় মনের পরিচয় দিলে খুশি হতাম।”



