Friday, July 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুষ্টিয়ায় দরবার শরিফে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

দরবার শরিফে বার্ষিক ওরস মাহফিল চলাকালে এ হামলার ঘটনা ঘটে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর সাদিপুর ইউনিয়নে দরবার শরিফে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চর সাদিপুর বাজারসংলগ্ন রশিদিয়া দরবার শরিফে বার্ষিক ওরস মাহফিল চলাকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিল্লুর রহমান নামে এক ব্যক্তি রশিদিয়া দরবার শরিফ এলাকায় একটি টিনশেড ঘর নির্মাণ করে গানবাজনা ও বাৎসরিক ওরস মাহফিলের আয়োজন করতো। অন্যান্য দিনেও সেখানে গান-বাজনা চলতো। রবিবার রাতে ওই দরবার শরিফে বাৎসরিক ওরস চলছিল। এ সময় এশার নামাজের পর ২০-২৫ জন লোক লাঠিসোটা নিয়ে সেখানে অতর্কিত হামলা চালায় এবং ভাঙচুর করে। পরে সেখানে আগুন ধরিয়ে দেয়। এ সময় দরবারে আসা মানুষ পালিয়ে যায়। হামলার সময় তারা অভিযোগ করেন, মাজারে গান-বাজনা আর মাদকের আড্ডা চলছিল।

তবে দরবার শরিফের পরিচালক জিল্লুর রহমানের ছেলে রাসেল ঢাকা ট্রিবিউনকে জানান, ১৬ বছর আগে দরবার শরিফ প্রতিষ্ঠার পর থেকে দরবার শরিফের দেখাশুনার দায়িত্ব নেন তার বাবা। দরবারে কোনো অশ্লীল বা ইসলামবিরোধী কার্যকলাপ হয় না, মাদকসেবীদেরও আড্ডা নেই। এখানে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান-বাজনাও হয়ে থাকে। এতে স্থানীয়রা ছাড়াও বিভিন্ন এলাকার লোকজন আসেন। তারই অংশ হিসেবে রবিবার রাতে বাৎসরিক ওরস মাহফিলের আয়োজন করা হয়। কিন্তু রাত ৯টার দিকে একদল লোকজন দরবারে এসে লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায় এবং দরবারে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে জানান, হামলা ও আগুনের ঘটনা সঠিক, তবে এটি কোনো দরবার শরিফ ছিল না। জিল্লুর রহমান নামে এক ব্যক্তি একটি টিনশেডের ঘর তৈরি করে সেখানে গানবাজনার আয়োজন করতেন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

   

About

Popular Links

x