তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় টিএনজেড গ্রুপের শ্রমিকরা টানা ৫৫ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার পর তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে তারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলে যান চলাচল স্বাভাবিক হয়। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, “শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়টি সরকারিভাবে পরিশোধের আশ্বাস প্রদান করা হলে তারা অবরোধ তুলে নেন। এখন ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।”
এর আগে শনিবার সকাল সাড়ে ৯টায় শ্রমিকদের এই বিক্ষোভ শুরু হয়। এরপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। এরপর শ্রমিকরা কয়েকবার অবরোধ তুলে নেওয়ার আশ্বাস দিলেও মালিকপক্ষ তাদের বকেয়া বেতন পরিশোধ না করায় তারা অবরোধ তুলে নেননি।
৫৫ ঘণ্টা ধরে চলা এই অবরোধ বিষয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, “আমরা শনিবার আন্দোলনের শুরু থেকেই গাজীপুর মেট্টোপলিটন পুলিশের ক্রাইম ডিভিশন, ট্রাফিক ডিভিশন, আমাদের শিল্পপুলিশ ও যৌথবাহিনী সবাই মিলে কলম্বিয়া গার্মেন্টসের সামনে টিএনজেডের শ্রমিক ভাইয়েরা যে অবরোধ করে রেখেছেন, আমরা তাদের বারবার বলেছি রাস্তাটা ছেড়ে দিয়ে সরে যাওয়ার জন্য। কিন্তু তারা বকেয়া বেতনের দাবিতে রাস্তা ছাড়তে রাজি হননি। আমরা মালিক পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। মালিকপক্ষ গত মঙ্গলবার বলেছিল, বৃহস্পতিবার তাদের স্যালারি দেবে। কিন্তু দেয় নাই। এরপরও আমরা শ্রমিকদের রাস্তা ছাড়তে অনুরোধ করেছি, কারণ এই মহাসড়ক দিয়ে প্রচুর লোক যাতায়াত করেন। এ ছাড়াও এই এলাকাটি শিল্প অধ্যুষিত এলাকা।”



৪৮ ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট