Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ গাড়ির সংঘর্ষ, নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক চারটি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১০ গাড়ির সংঘর্ষ হয়েছে

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ এএম

ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চারটি দুর্ঘটনা ঘটেছে। এ সব দুর্ঘটনায় ১০ গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এ সব দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার কারণে সকাল ১০টা পর্যন্ত মাওয়া টোল প্লাজা থেকে ষোলঘর পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।

নিহত ব্যক্তি হলেন মো. ফরহাদ হোসেন (৪০)। তিনি ফরিদপুরের ভাঙা এলাকার বাসিন্দা। তিনি একটি বাসের চালক ছিলেন। আহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম জাকির হোসেন (৩২)। তিনি নোয়াখালীর বাসিন্দা। তিনি বাসের চালকের সহকারী ছিলেন।

উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ঘন কুয়াশার কারণে পথ পরিষ্কার দেখতে না পাওয়ায় দুর্ঘটনাগুলো ঘটেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, “শ্রীনগরের ষোলঘর থেকে হাসাড়া এলাকার ৪ থেকে ৫ কিলোমিটার জায়গা। এখানে চারটি জায়গায় সাকুরা পরিবহনসহ কয়েকটি বড় পরিবহনের যাত্রীবাহী বাস, ট্রাক, প্রাইভেট কার, পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যানসহ ১০টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে।”

তিনি বলেন, “কোথাও সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগেছে। কোথাও একটি গাড়ি আরেকটির পেছনে ধাক্কা দিয়েছে। সবগুলো ঘটনাই ঘটেছে ঘন কুয়াশার কারণে। এসব ঘটনায় ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।”

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মারজিয়া মাহবুব সকাল পৌনে ১০টার দিকে বলেন, “ফরহাদ হোসেন ও জাকির হোসেন নামে দুইজনকে হাসপাতালে আনা হয়। জাকিরের অবস্থা কিছুটা ভালো ছিল। তবে ফরহাদ বলছিলেন, তার কোমরে ব্যথা। এক্সরে করে তাকেও ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে এক্সে করার আগেই তিনি মারা যান। লাশ বর্তমানে হাসপাতালে আছে।”

   

About

Popular Links

x