Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আয়কর রিটার্ন জমার সময় আবারও এক মাস বাড়লো

ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে রিটার্ন জমা দিতে হবে

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ পিএম

ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৪-২৫ করবর্ষেরর আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত এই রিটার্ন জমা দেওয়া যাবে, এতদিন যা ছিল ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া কোম্পানি শ্রেণির করদাতাগণ ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ব্যাপারে পৃথক দুটি আদেশ জারি করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কোম্পানি ছাড়া সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল আগামী ৩১ ডিসেম্বর। আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির ফলে অনলাইন ও অফলাইন উভয় প্রকার রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোম্পানি ছাড়া সব করদাতার জন্য জরিমানা ছাড়া আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন।

এ বছর জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত সব সরকারি কর্মচারী, সারাদেশের সব তফশিলি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী, সারাদেশের সব মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং কিছু বহুজাতিক কোম্পানিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলে বাধ্যতামূলক করা হয়েছে।

বিধান অনুযায়ী বছরে আয় সাড়ে তিন লাখ টাকার বেশি হলে আয়কর প্রযোজ্য হয়। ব্যাংক হিসাব খোলা, ক্রেডিট কার্ড ব্যবহারসহ বেশ কিছু কাজে এখন রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে।

রিটার্ন জমা দিলে ব্যাংকে সঞ্চয়ে সুদ বা মুনাফা এবং পুঁজিবাজারে লভ্যাংশের ওপর আয়কর ১৫% বদলে ১০% হয়।

   

About

Popular Links

x