Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফের বাড়ছে বাতাসের তীব্রতা, দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা

দাবানলে এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:১২ পিএম

দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন অগ্নিনির্বাপণকর্মীরা। এরই মধ্যে সেখানে বইতে শুরু করেছে শক্তিশালী বাতাস যা দাবানলকে আরও ছড়ানোর আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা সানের।

প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে লস অ্যাঞ্জলসের ভেনচুরা কাউন্টিতে ‘‘অটো ফায়ার’’ নামে নতুন আরেকটি দাবানলের সূত্রপাত হয় যা এখন পর্যন্ত ৫০ একর জায়গা পুড়েছে। নতুন দাবানলটি একটুও থামানো যায়নি। বাতাসের বেগ বেশি হওয়ার কারণে এটি অতিদ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির জাতীয় আবহাওয়া সার্ভিস সতর্ক বার্তায় জানায়, মঙ্গলবার ১০০ কিলোমিটারেরও বেশি বেগে বাতাস বইতে পারে। এতে যেসব জায়গায় গত কয়েক মাস কোনো ধরনের বৃষ্টি হয়নি সেই সব জায়গাগুলো আগুনের সূত্রপাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

গত সপ্তাহে শুরু হওয়া প্যালিসিডেস এবং ইটন দাবানল এখন পর্যন্ত গ্রাস করেছে প্রায় ৩৮ হাজার একর জায়গা।

শক্তিশালী বাতাসে আগুন ছড়ানোর আশঙ্কায় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে জানিয়ে লস অ্যাঞ্জেলস কাউন্টি ফায়ারের প্রধান বলেন, “ক্রুরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন। সঙ্গে আছে পানির পর্যাপ্ত ট্যাংকার এবং বাড়তি দমকলকর্মী।” গত সপ্তাহে দাবানল ছড়ানোর সময় যে পরিমাণ দমকলকর্মী ছিল, বর্তমানে তার চেয়ে বেশি আছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

সানের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, লস অ্যাঞ্জেলসে দাবানলে এখন পর্যন্ত ১২ হাজার অবকাঠামো পুড়েছে। যার বেশিরভাগই সাধারণ মানুষের ঘরবাড়ি। এছাড়া প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন। দাবানল তাণ্ডব চালিয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, উদ্ধারকারীরা হয়ত আরও মরদেহ পেতে পারেন।

   

About

Popular Links

x