Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশে এইচএমপিভি আক্রান্ত নারীর মৃত্যু

সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০২:৩৭ পিএম

বাংলাদেশে প্রথমবারের মতো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত ৩০ বছর বয়সী নারী সানজিদা আক্তার মারা গেছেন। মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, “ওই নারী গতকাল সন্ধ্যা ৭টায় মারা গেছেন। দেশে এইচএমপিভি শনাক্ত হওয়া কোনো ব্যক্তির মৃত্যুর তথ্য এটিই প্রথম। তবে তিনি যে এইচএমপিভি ভাইরাসের জন্যই মারা গেছেন, এমনটি বলা যাবে না। ওনার অন্য আরও শারীরিক জটিলতা ছিল, যার জন্য হঠাৎ করেই শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়।” 

ওই নারীর জটিলতা বিষয়ে জানতে চাওয়া হলে হাসপাতাল তত্ত্বাবধায়ক বলেন, “তিনি ক্লেবসিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন। এছাড়া তার কিডনি সমস্যা ছিল, সেইসাথে তিনি অনেক মোটা ছিলেন, যে কারণে তাকে ভেন্টিলেটরে ওঠানো যাচ্ছিল না। ভাইরাল নিউমোনিয়ার জন্যও সম্ভবত মারা যাননি, অনেকটা সুস্থও হয়ে গেছিলেন। কিন্তু পরবর্তী জটিলতার জন্য হয়তো সমস্যা হয়েছে।” 

ডেথ রিভিউ করবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, “স্বজনরা ইতোমধ্যে লাশ নিয়ে গেছেন। তারপরও এটা নিয়ে অধিদপ্তর অথবা মন্ত্রণালয় ব্রিফ করবে। সেই আলোকে আমরা পরবর্তী পরিকল্পনা করবো।”

আক্রান্ত ওই নারীর বাড়ি নরসিংদী। ৯ জানুয়ারি তার শরীরে এইচএমপিভি শনাক্ত হয়। অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওই নারী এইচএমপিভির পাশাপাশি ব্যাকটেরিয়াজনিত অন্য একটি সংক্রমণেও আক্রান্ত ছিলেন। তার পরিস্থিতি কিছুটা জটিল ছিল। কিশোরগঞ্জের বাসিন্দা হলেও থাকতেন নরসিংদীতে। সেখানেই ভাইরাসে আক্রান্ত হন তিনি।

   

About

Popular Links

x