Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা না করা পর্যন্ত অনশন চলবে

দাবি না মানলে শিক্ষার্থীরা রাজপথ ছাড়বেন না, রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১১:১৮ পিএম

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে ঘটনাস্থলে যান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নুরুজ্জামানের নেতৃত্বে সরকারের একটি প্রতিনিধি দল। তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিপ্রা রানী মণ্ডলসহ কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

যুগ্মসচিব শিক্ষার্থীদের সঙ্গে প্রায় সোয়া এক ঘণ্টা কথা বলেন। তবে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেতে রাজি হননি। তারা কলেজটিকে তিতুমীর বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেওয়ার দাবি করেন। এ ঘোষণা না দেওয়া পর্যন্ত তার রাজপথ ছেড়ে যাবেন না এবং গণঅনশন, রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন।

দীর্ঘসময় বাগবিতণ্ডার পর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে ঘোষণা করা সম্ভব নয় বলে যুগ্মসচিব শিক্ষার্থীদের জানালে তারা বলেন, “তাহলে যিনি ঘোষণা করতে পারবেন, তাকে ডেকে আনতে হবে।”

যুগ্মসচিব নুরুজ্জামান বলেন, “তোমাদের দাবি যে অযৌক্তিক, সেটা তো কেউ বলছেন না। কিন্তু এটি একটি প্রক্রিয়াধীন বিষয়। তোমরা ২৮ বছর ধরে আন্দোলন করছো। এটা তোমরা আদায় করেই ঘরে ফিরবে, সেটাও আমরা জানি। কিন্তু এখনই বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়াটা তো সম্ভব নয়। পরবর্তীতে যত জায়গায় এটা নিয়ে কাজ হবে, আমি সেখানে সর্বোচ্চ চেষ্টা করবো। তোমরা আজকে রাতে ফিরে যাও।”

কিন্ত শিক্ষার্থীরা এসময় দাবি মেনে না নেওয়ার কথা জানিয়ে স্লোগান দিতে শুরু করেন। শিক্ষার্থীরা স্লোগান দেন, “হয় তিতুমীর বিশ্ববিদ্যালয়, না হয় মৃত্যু”। রাতেও তারা গণঅনশন, রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান।

শিক্ষার্থীরা বলেন, “যুগ্মসচিব স্যার মূলা নিয়ে আন্দোলন বন্ধ করতে এসেছিলেন। এর আগেও তারা অনেকবার মূলা ঝুলিয়ে গেছেন। আর মূলা ঝুলানো প্রতিশ্রুতি আমরা মেনে নেবো না।”

এর আগে, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ সাত দফা দাবিতে দুপুর ১২টা থেকে শিক্ষার্থীদের অবরোধ শুরু হয়। রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কর্মসূচি চলমান রয়েছে। টানা ১০ ঘণ্টার অবরোধে গুলশান-মহাখালী সড়কে যান চলাচল বন্ধ। ফলে এ সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে গণপরিবহন।

 

   

About

Popular Links

x