Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আখেরি মোনাজাত: মধ্যরাত থেকে টঙ্গী এলাকায় বন্ধ থাকবে গণপরিবহন

প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে রবিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৬ পিএম

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে রবিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে। এ উপলক্ষে টঙ্গী এলাকায় শনিবার রাত ১২টার পর থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ব ইজতেমা ময়দানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নিয়ন্ত্রণ কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জিএমপি কমিশনার বলেন, “শনিবার রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া সড়ক, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আব্দুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।”

তিনি বলেন, “এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস হয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় এসব সড়কে কোনো পণ্যবাহী গাড়ি বা যানবাহন চলতে পারবে না। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।”

কমিশনার নাজমুল করিম খান বলেন, “ইজতেমার মুরব্বিদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা জানিয়েছেন, রবিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আখেরি মোনাজাত হবে। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আশা করি, কোনো বিশৃঙ্খলা হবে না।”

উল্লেখ্য, তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

   

About

Popular Links

x