লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আবদুল্লাহ এলাকায় মেঘনা নদীতে ইলিশের জালে ৮৪ কেজি ওজনের শাপলা পাতা মাছ ধরা পড়েছে। এটির দাম উঠেছে ৪৬ হাজার টাকা।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এলাকার কালু মাঝির জালে মাছটি ধরা পড়ে। প্রথমবারের মতো এতো বড় মাছ পেয়ে আনন্দিত তিনি।
কালু মাঝি বলেন, “প্রথমে জাল তুলতে অনেক কষ্ট হয়েছে। পাশাপাশি ভয়ও পেয়েছি। পরে সবাই মিলে জাল তুলে দেখতে পাই বিরাট আকারের শাপলা পাতা মাছ। অনেক খুশি হয়েছি। ঘাটে মাছটি বিক্রি করতে গেলে ৪৬ হাজার টাকা দাম উঠে। পরে সবার অনুরোধে মাছটি কেটে বিক্রি করি।”
কমলনগর উপজেলার পাটওয়ারীর হাট মাছ ঘাটের আড়তদার মোহাম্মদ লিটন রবিবার সন্ধ্যায় তার আড়তেই মাছটি আনা হয় বলে জানান।
লিটন বলেন, “রামগতি উপজেলার চর আবদুল্লাহ এলাকায় ইলিশ শিকারের জন্য নদীতে কালু মাঝি জাল ফেলেন। এতে বিশাল আকৃতির শাপলা পাতা মাছ ধরা পড়ে। পরে নৌকায় থাকা সকল জেলে জাল টেনে মাছটিকে তুলে নেন। সেখান থেকে পাটওয়ারীর হাট ঘাটে এনে মাছটি ডাকে ওঠানো হয়। ৪৬ হাজার টাকা পর্যন্ত মাছটির দাম ওঠে। কিন্তু পরে সবার অনুরোধে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হয়েছে।”
তিনি আরো বলেন, “এই প্রথম কালু মাঝির জালে এতো বড় মাছ উঠেছে। এতে কালুসহ সব জেলেই খুশি। একটি বাঁশে বেঁধে কাঁধে করে তারা কয়েকজন মিলে মাছটি ঘাটে নিয়ে আসেন।”
জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, “শাপলা পাতা মাছ মূলত সামুদ্রিক মাছ। এটি সাগরে থাকে। মাঝেমধ্যে নদীর উপকূলেও আসে। মেঘনায় এই শাপলা পাতা মাছ রয়েছে। প্রায়ই জেলেদের জালে ধরা পড়ছে শাপলা পাতা মাছ। তবে ৮৪ কেজি ওজনের শাপলা পাতা মাছ এ এলাকায় এবারই প্রথম ধরা পড়েছে।”



কুমিল্লার হাটে একদিনে মাছ বিক্রি হয় ৬ কোটি টাকার