রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের উৎস ও কারণ তদন্ত করতে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে জেলা প্রশাসন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাঙ্গামাটিটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বেলা সোয়া ১টার দিকে রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলায় সাজেক পর্যটনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলো।
কমিটিতে রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মোবারক হোসেনকে আহ্বায়ক ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তারকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির বাকি সদস্যরা হলেন- রাঙ্গামাটির সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল), রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (দীঘিনালা) সহকারী প্রকৌশলী।
আগামী ৭ দিনের মধ্যে এ কমিটির সদস্যদের তদন্ত করে সংঘঠিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন এবং দুর্ঘটনা প্রতিরোধকল্পে সুপারিশ প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



