গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর যানবাহন থামিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে সিএনজিচালিত অটোরিকশাচালকসহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে গাজীপুর সেনা ক্যাম্পের একটি টহল দল।
শনিবার (১ মার্চ) বেলা ১১টায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল খরবটির সত্যতা নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়। আটক ৩ ছিনতাইকারীকে রাতেই শ্রীপুর থানায় সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন- ময়মনসিংহ সদর (নতুন বাজার) এলাকার ইউসুফ (১৭), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার তালতলী গ্রামের শান্ত (১৬), গাজীপুরের শ্রীপুর উপজেলার নেড়াইদেড়চালা গ্রামের হিরণ মিয়া (২৮)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ীতে সড়কের ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ ছিনতাইকারীকে আটক করে সেনাবাহিনীর টহল দল। পরে আটককৃতদেরকে থানায় সোপর্দ করে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হবে।”



