Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বৈঠক ফলপ্রসূ হয়নি, শুল্ক ও কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচি চলবে

অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ সদস্যের মধ্যে এই বৈঠক হয়

আপডেট : ২১ মে ২০২৫, ১০:২৬ এএম

অর্থ উপদেষ্টার ড. সালেহউদ্দিনের সঙ্গে করা এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) কর্মকর্তাদের বৈঠককে ব্যর্থ বলে অভিহিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (২০ মে) অর্থ বিভাগের সম্মেলন কক্ষে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ সদস্যের প্রতিনিধিদল ও উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের মধ্যে আরও দুই উপদেষ্টার উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রাজস্ব সংস্কার উপদেষ্টা কমিটির সদস্য, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিনজন প্রাক্তন সদস্য, অর্থ মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানও সভায় উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা সংশ্লিষ্ট সবাইকে জানাতে চাই যে, বৈঠকটি কোনো ফলপ্রসূ ফলাফল ছাড়াই শেষ হয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পরবর্তী কর্মপন্থা ঘোষণা করার জন্য বুধবার (২১ মে) একটি আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করা হবে।

এতে আরও বলা হয়, ঢাকার এনবিআর অফিসের আয়কর, শুল্ক এবং ভ্যাট বিভাগের অধীনে কর্মরত সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এনবিআরের প্রধান কার্যালয়ের নিচতলায় একটি অবস্থান কর্মসূচি পালন করবেন। ঢাকার বাইরে এনবিআর অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের নিজ নিজ কর্মস্থলে একই ধরণের অবস্থান কর্মসূচি পালন করবেন। এই কর্মসূচি সকাল ৯টা থেকে শুরু হবে এবং প্রেস ব্রিফিং শেষ না হওয়া পর্যন্ত চলবে।

এর আগে গত ১২ মে রাজস্ব নীতি এবং রাজস্ব প্রশাসন নামে আনুষ্ঠানিকভাবে এনবিআরকে দুটি বিভাগে ভাগ করে একটি সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। এনবিআর কর্মকর্তারা এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে দাবি করেন যে, নতুন কাঠামোতে কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের সরিয়ে রাখা হয়েছে এবং অযাচিত নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সংস্থাটির অনেক কর্মকর্তা কলমবিরতিতে যান।

এদিকে অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব সংস্কার উপদেষ্টা কমিটি, বিসিএস (কর) ক্যাডার এবং বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের প্রতিনিধিরা ‘‘রাজস্ব নীতি ও রাজস্ব প্রশাসন অধ্যাদেশ, ২০২৫’’ সম্পর্কে সভায় তাদের মতামত উপস্থাপন করেছেন। অধ্যাদেশ নিয়ে কর্মকর্তাদের উদ্বেগ, পরামর্শ ও মতামত যথেষ্ট গুরুত্বের সঙ্গে শোনা হয়েছে। উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে, উত্থাপিত বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

   

About

Popular Links

x