Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাতামুহুরি নদী থেকে পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ ২

ট্যুরের হোস্ট হাসানসহ সঙ্গে থাকা একটি মেয়ে নিখোঁজ রয়েছে

আপডেট : ১২ জুন ২০২৫, ০২:৫৩ পিএম

বান্দরবানের আলীকদম উপজেলার মাতামুহুরি নদী থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ রয়েছেন আরও দুই পর্যটক। তাদের লাশ উদ্ধার করা যায়নি।

বৃহস্পতিবার (১২ জুন) ভোরে মাতামুহুরি নদীর ফরেস্ট ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া অজ্ঞাতনামা ব্যক্তির নাম শেখ জুবাইরুল ইসলাম। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফরেস্ট ঘাট এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জানা যায়, আলীকদম টুরিস্ট গাইড সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যার সঙ্গে ৩৩ জনের একটা দল খেমচং পাড়া হয়ে রংরাং ক্রিসতংয়ে ঘুরতে যায়। ১২ জনের সঙ্গে গাইড ক্রিসতং চলে গেলে পরে ২১ জনের গ্রুপটি শামুক ঝর্ণা হয়ে আলীকদম ফিরছিল। প্রচুর বৃষ্টিতে শেখ জুবাইরুল ইসলাম পানিতে তলিয়ে যান, এ সময় ট্যুরের হোস্ট হাসানসহ তার সঙ্গে থাকা একটি মেয়েও নিখোঁজ হয়।

এই বিষয়ে আলীকদম টুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি মিন্টু কর্মকার বলেন, “বাম দৌছড়ি এলাকা থেকে ফেরার সময় তিনজন নিখোঁজ হয়। আলীকদমে একটা লাশ পাওয়া গেছে শুনেছি, তবে এখনও হাসান আর তার সঙ্গে থাকা মেয়েটির হদিস পাওয়া যায়নি।”

আলীকদম থানার সেকেন্ড অফিসার (এসআই) শাহাদাৎ হোসেন ঢাকা ট্রিবিউনকে জানান, লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন, পরে লাশ নিহতের পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।

   

About

Popular Links

x