Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জোটার মৃত্যুর কারণ জানাল পুলিশ

৩ জুলাই স্পেনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যান এই পর্তুগিজ ফুটবলার

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৬:২৮ পিএম

মাত্র ২৮ বছর বয়সেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুল ও পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোটা। নিহত হয়েছেন তার ছোট ভাই আন্দ্রেও, তিনি পেলাফিয়েল ক্লাবের হয়ে খেলতেন। তাদের আকস্মিক মৃত্যুতে শোকে ভাসছে ফুটবল-দুনিয়া। ক্রিস্টিয়ানো রোনালদো থেকে লিওনেল মেসিসহ অনেকেই জোটার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গত ৩ জুলাই জোটার মৃত্যুর খবর সামনে আসার পর থেকেই লিভারপুলের মাঠ অ্যানফিল্ডের বাইরে ভিড় জমিয়েছেন ক্লাবটির সমর্থকেরা।

স্পেনের সিভিল গার্ডের (পুলিশ) বরাত দিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, জোটা ও তার ভাইয়ের গাড়ি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে তাদের বিশ্বাস, জোটা অতিরিক্ত দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। চাকা ফেটে তাদের ল্যাম্বরগিনি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। পরে গাড়িটিতে আগুন ধরে যায়।

গাড়ি কে চালাচ্ছিলেন, এ প্রসঙ্গে স্প্যানিশ পুলিশ গতকাল জানায়, গাড়িটি জোটা চালাচ্ছিলেন। স্পেনের জামোরা প্রদেশের এ-৫২ মহাসড়কে স্থানীয় সময় সকালে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। মহাসড়কের এই অংশে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ১২০ কিলোমিটার।

সিভিল গার্ডের এক মুখপাত্রের বরাত দিয়ে আল জাজিরা আরও জানায়, বিশেষজ্ঞের প্রতিবেদন চূড়ান্ত হয়েছে, যেখানে অন্যান্য বিষয়ের সঙ্গে গাড়ির একটি চাকার ছাপ ফেলে যাওয়াও পরীক্ষা করা হয়েছে। সড়কে যে গতিসীমা, তার চেয়ে বেশি গতিতে গাড়ি চালানোর প্রতি ইঙ্গিত করছে সবকিছু। সব পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যায়, জোটাই গাড়িটি চালাচ্ছিলেন।

 

   

About

Popular Links

x