নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, নাশকতা না অন্য কিছু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনাকে রাজনৈতিক নাশকতা বলে দাবি করে এর জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন এই সংসদ সদস্য। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আগুনে টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে গেছে। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়ে দুটি ছাগল মারা গেছে। বাড়িটিতে কেয়ারটেকার পরিবার বসবাস করত। সেখানে ছিল গবাদিপশুর খামারও। নুসরাতের দাদার তৈরি এই বাড়িতেই তার শৈশব কেটেছে। বাড়িটির পাশেই তাদের তিনতলা একটি ভবন রয়েছে। করোনাকাল থেকে পরিবারের সদস্যরা ওই ভবনেই বসবাস করছেন।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে বাড়িটিতে পুলিশি পাহারা বসানো হয়।

ঘটনার পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছান নুসরাত তাবাসসুম। পরে বেলা ১১টার দিকে পোড়া বাড়ির সামনে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তার পাশে বাবা আবদুল হালিম ও এনসিপির কেন্দ্রীয় কমিটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।

নুসরাত তাবাসসুমের দাবি, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ফেসবুকে একটি হুমকিমূলক সতর্কবার্তা দেন। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে তার পৈতৃক বাড়িতে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে তার ধারণা, বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে।

ঘটনাটি সুপরিকল্পিত উল্লেখ করে নুসরাত তাবাসসুম জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঢিলেঢালা। এ ঘটনার সঙ্গে বিভিন্ন বিষয়ের যোগসূত্র থাকতে পারে। এ বিষয়ে দৌলতপুর থানায় গিয়ে মামলা করবেন বলেও জানান তিনি।

নুসরাতের খামার দেখাশোনার দায়িত্বে থাকা জালাল হোসেন বলেন, “খামারে নয়টি বড় গরু, ছাগল, হাঁস-মুরগি ও কবুতর ছিল। আগুন লাগার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় গবাদিপশুগুলো বের করে আনা হয়। তবে আগুনে পুড়ে দুটি ছাগল মারা গেছে।”

বাড়িটিতে বসবাসকারী কেয়ারটেকার শাহ আলম সাবান বলেন, “রাতে ঘুমিয়ে ছিলাম। কয়েকটি বিকট শব্দ শোনার পর দেখি ঘরে আগুন লেগেছে। পরে এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে আমার পরিবারের সব কিছু পুড়ে গেছে। এখানে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতাম।”

নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম রাতের ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “আমরা রাতের খাবার খেয়ে বসে গল্প করছিলাম। এর মধ্যে বিকট শব্দে আমাদের ঘরের জানালা কেঁপে ওঠে। পরে আগুন লাগার বিষয়টি জানতে পারি। আগে আমরা ওই বাড়িতেই থাকতাম। এটি আমাদের পৈতৃক বাড়ি। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।”

এদিকে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম।

এ বিষয়ে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, “এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে তিনবার বিস্ফোরণের মতো ঘটনা দেখা গেছে। এটি আগুন থেকেও হতে পারে। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।”

পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা জানানো হলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত থানায় কোনো এজাহার জমা দেওয়া হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পুড়ে যাওয়া গ্রামের বাড়ির এই অংশে গবাদি পশু ছিল

ওই বাড়িতে থাকতেন কেয়ারটেকারের পরিবার, অন্য পাশে গবাদি পশু

এমপি নুসরাতের যে বাড়িতে আগুন লাগে সেই বাড়ি থাকতেন না নুসরাতের পরিবার। কয়েক বছর আগে এই বাড়ির পাশেই একটি তিন তলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করেন নুসরাতের বাবা আব্দুল হালিম। কয়েক বছর ধরে পরিবার নিয়ে সেখানেই বসবাস করেন তারা। আর পুরোনো ১০ কক্ষের ওই বাড়ির এক পাশে কয়েকটি কক্ষ নিয়ে শাহ আলম নামের একজন কেয়ারটেকার তার স্ত্রী ও কন্যা সন্তান নিয়ে বসবাস করতেন।  

কেয়ারটেকার শাহ আলম জানান, রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। কয়েকটি বিকট শব্দ শোনার পর তার মেয়ে পুরো ঘর জুড়ে আগুন দেখতে পান । এসময় তারা চিৎকার করলে স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু খুব দ্রুতই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে যায়। তাদের পরিবারের আসবাবপত্র থেকে শুরু করে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।

তিনি বলেন, “এই বাড়ির একপাশে তিনি পরিবার নিয়ে বসবাস করেন। অন্য পাশে গবাদি পশু পালন করা হয়। ঘরের মধ্যে তাদের ব্যাবসার কাজে ব্যবহুত বিভিন্ন দামী যন্ত্রাংশ ছিল যা পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।”

পুলিশ যা জানিয়েছে

ঘটানার পর পরই কুষ্টিয়া জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দন করেন। পরে বেলা ১ টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এসময় তার সঙ্গে পুলিশের ফরেন্সিক বিভাগের এক দল ঘটনাস্থলে আসেন এবং বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। পরে পুলিশ সুপার সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন জেলা পুলিশের মুখোপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহামুদ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি পরিকল্পিত নাশকতা নাকি ভেতর থেকে লাগা আগুন তা এখনই বলা সম্ভব হচ্ছে না। এজন্য বিশেষজ্ঞদের দেওয়া রিপোর্ট প্রয়োজন। যেহেতু এখানে ফরেনসিক বিশেষজ্ঞ একটি দল এসেছে তারা বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। তাদের দেওয়া রিপোর্ট পেলেই আমরা বলতে পারবো আসলে আগুন কিভাবে লেগেছে।”

তিনি আরও বলেন, “ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের প্রতিনিধিরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সবাই মিলে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি।”