জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "পুরো দেশব্যাপী বিশেষ অভিযান চলছে। এটা ইলেকশনের আগ পর্যন্তই চলতে হবে। অস্বীকার করার উপায় নাই যে, আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে আমরা তো সব উদ্ধার করতে পারি নাই। এগুলো উদ্ধার করার জন্য আমাদের চেষ্টা সবসময় জারি আছে।"
বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী নিয়েই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন খুব ভালোভাবে করা যাবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সরকার পরিস্থিতির উন্নয়নে চেষ্টা করছে।
তিনি বলেন, কাঙিক্ষত উন্নতি হওয়া, হয়তো আমরা অতটুক উন্নতি করতে পারি নাই। আমাদের দেশ স্বাধীন হইছে ৫৪ বছর। এই ৫৪ বছরেও যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো এটা কোন মিডিয়া বা সাধারণ পারসেপশনে আছে কোথাও? আমরাতো ওই স্ট্যান্ডার্ডেই কোনো সময় যেতে পারি নাই। আমরা আমাদের লেভেলে থেকে চেষ্টা করে যাচ্ছি যতটুকু উন্নতি করা যায়।”
শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন ৫ আগস্ট ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে “জুলাই ঘোষণাপত্র” উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
এ কর্মসূচিতে নিরাপত্তা বিষয়ক এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “৫ আগস্ট নিয়ে কোনো ধরনের আতঙ্কের কোন কারণই নাই। আল্লাহ দিলে সব কিছু সব প্রোগ্রাম হবে সব ভালোভাবে হয়ে যাবে।”
পুলিশ কেন মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ করছে না - এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মব ভায়োলেন্স তো কমছে। এটা আস্তে আস্তে একেবারে ইলিমিনেট হয়ে যাবে। আমরা মব ভায়োলেন্সের ক্ষেত্রে কোন ধরনের ছাড় দেব না।”
কোনো দলকে বেশি পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে কি-না - এমন প্রশ্নে তিনি বলেন, “সবাইকে সমান নিরাপত্তা দেওয়া হচ্ছে।”
তিনি বলেন, “যে একটু বেশি ভালনারেবল, তারে একটু বেশি প্রোটেকশন দেওয়া হয়। যে একটু কম ভালনারেবল তারে একটু কম প্রোটেকশন দেওয়া হয়।”



