বন্ধুদের সঙ্গে কিশোরগঞ্জের নিকলীর হাওড়ে ঘুরতে গিয়ে পানিতে ডুবে বনান্ত ইসলাম (২৩) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে ছাতিরচর করচবনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বনান্ত ইসলাম বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া শহিদনগর এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বনান্ত আট বন্ধু নিয়ে নিকলী হাওড়ে ঘুরতে আসেন। দুপুর দেড়টার দিকে তারা নৌকা থেকে নেমে পানিতে নামেন। এ সময় হঠাৎ বনান্ত পানিতে ডুবে যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
বনান্তের খালাতো ভাই আলিফ বলেন, “বনান্ত সাঁতার জানতো না। সবাই কোমর সমান পানিতে নেমে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখি বনান্ত পানিতে ডুবে যাচ্ছে। আমরা তাকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই।”
আলিফ আরও জানান, তারা নৌকার মাঝিকে ডাকেন, কিন্তু মাঝি কাছে পৌঁছানোর আগেই বনান্ত ডুবে যায়। পরে মাঝি অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে। এরপর তাকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



