নাটোরের লালপুর উপজেলায় সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। সম্পর্কে তারা ননদ, ভাবি ও শাশুড়ি।
রবিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার অগ্রণী ব্যাংক লিমিটেডের গোপালপুর শাখা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- নাটোর সদর উপজেলার আওড়াইল হালশা গ্রামের বাসিন্দা আলিয়া খাতুন (২৫), হাসি বেগম (২৫) ও স্ত্রী আছিয়া বেগম (৪০)। আলিয়া খাতুন (ভাবি) সম্পর্কে হাসি বেগমের ননদ ও আছিয়া বেগম মামিশাশুড়ি হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জয়নুল আবেদিন জানান, রবিবার দুপুরে লালপুরের কলেজ মোড় এলাকার ফাতেমা বেগম নামের এক গ্রাহক ব্যাংকে টাকা জমা দিতে আসেন। এ সময় সংঘবদ্ধ তিন নারী ওই গ্রাহককে ঘিরে ধরেন। তখন তাদের ব্যাংকে আসার কারণ জিজ্ঞেস করলে কোনো সদুত্তর না দিয়ে চলে যেতে থাকেন। ঠিক তখনই ফাতেমা নামের ওই গ্রাহক অভিযোগ করেন তার ব্যাগ থেকে টাকা চুরি করা হয়েছে। তাৎক্ষণিক ব্যাংকের মূল ফটকে তালা লাগিয়ে সন্দেহভাজন তিন নারীকে আটক করা হয়। তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ভুক্তভোগী গ্রাহক ফাতেমা বেগম বলেন, “আমি ব্যাংকের টাকা জমা দেওয়ার জন্য টাকা জমার রসিদ লিখছিলাম। এমন সময় কৌশলে তারা আমার ব্যাগ থেকে টাকা চুরি করে নেন।”
এই ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্ত নারীদের বাড়ি নাটোরে হলেও তারা কুষ্টিয়ায় থাকেন। বিভিন্ন এলাকায় ভিক্ষা করার ছলে অপরাধ করে থাকেন। তিন নারীকে থানা হেফাজতে রাখা হয়েছে। এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



