রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বুধবার (১৩ আগস্ট) দেশের প্রায় সব এলাকার আকাশ মেঘাচ্ছন্ন।
মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা সাংবাদিকদের জানান, দক্ষিণের সুন্দরবনসংলগ্ন কিছু এলাকা বাদ দিয়ে দেশের প্রায় সব এলাকার আকাশে আজ মেঘাচ্ছন্ন। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। মূলত মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টি।
তিনি জানান, গত চার দিন দেশে তেমন বৃষ্টি হয়নি। সামান্য বৃষ্টি হয়েছিল রংপুর বিভাগে। তাছাড়া দেশের কোনো কোনো স্থানে গত দুই দিন তাপপ্রবাহও দেখা গেছে।
আজ বঙ্গোপসাগর একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এর প্রভাব বাংলাদেশের উপকূলে খুব বেশি পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।
তিনি জানান, লঘুচাপের প্রভাব বেশি অনুভূত হবে ভারতের উপকূলবর্তী কয়েকটি স্থানে।
আজ সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে যে বৃষ্টি শুরু হয়েছে, তা আগামীকাল বৃহস্পতিবার থাকার সম্ভাবনা কম বলে জানিয়েছেন শাহনাজ সুলতানা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগের প্রায় কোথাও বৃষ্টি হয়নি। গতকাল সর্বোচ্চ ৫৮ মিলিমিটার বৃষ্টি হয় পাবনার ঈশ্বরদীতে।



