Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রেস সচিব: পুলিশকে আমি কোনো নির্দেশনা দেইনি

‘পুলিশকে আমি ইন্সট্রাকশন দেব কেন। হোম মিনিস্ট্রি আছে, আইজিপি আছে, ডিএমপি কমিশনার আছে’

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৭:৫৬ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশ প্রধান উপদেষ্টার “প্রেস সচিবের নির্দেশনা” অনুযায়ী কাজ করছে বলে জানিয়েছিলেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা। তবে এই বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তিনি পুলিশকে কোনো নির্দেশনা দেননি।

শুক্রবার (১৫ আগস্ট) অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই কথা বলেন শফিকুল আলম। তিনি জানান, কয়েকদিন আগে ১৫ অগাস্টে আওয়ামী লীগের কর্মসূচি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কিছু কথা বলেছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে এসে মারধর ও হেনস্তার শিকার হয়েছেন বেশ কয়েকজন। এ সময় ৩২ নম্বর সড়কে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি থাকলেও হামলাকারীদের ঠেকাতে দেখা যায়নি; কাউকে মারধর করে তুলে দেওয়া হলে পুলিশ তাকে নিয়ে যাচ্ছে। সে সময় ঘটনাস্থলে সাদা পোশাকে থাকা ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা জানান, তারা সরকারের প্রধান উপদেষ্টার “প্রেস সচিবের নির্দেশনা” মোতাবেক কাজ করছেন।

তিনি আরও বলেন, “৩২ নম্বরে নাশকতার পরিকল্পনার কোনো গোয়েন্দা তথ্য নেই। সরকারিভাবে যেহেতু তাদের (আওয়ামী লীগ) কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আমরা সেই নির্দেশনা ফলো করব।”

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের দেওয়া নির্দেশনা পুলিশ অনুসরণ করছে দাবি করে ওসি বলেন, “আপনারা হয়ত লক্ষ্য করে থাকবেন, কিছুদিন আগে আমাদের যে প্রেস সচিব, তিনি কিছু ইন্সট্রাকশন্স দিয়েছিলেন। সেই ইন্সট্রাকশন্স মোতাবেক আমরা কাজ করব।”

ধানমন্ডি থানার ওসির বক্তব্যের পরিপ্রেক্ষিতে ‍সংবাদমাধ্যম বিডিনিউজকে শফিকুল আলম বলেন, “পুলিশ তো ইন্সট্রাকশন পায় তাদের চিফের কাছ থেকে। আমরা তো আমাদের তরফ থেকে কোনো ইন্সট্রাকশন দিই না। পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার মতো করে কাজ করে।”

তিনি বলেন, “আমাকে কয়দিন আগে সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিলেন যে, ‘আওয়ামী লীগ যদি ১৫ অগাস্টে কর্মসূচি পালন করে সেক্ষেত্রে আপনারা কী করবেন’। আমরা বলেছি যে, আওয়ামী লীগের অ্যাক্টিভিটিজ ব্যান। ফলে আওয়ামী লীগ ১৫ অগাস্ট বা যেকোনো সময় যদি মিটিং মিছিল করে তাহলে অবশ্যই সেটা ব্যান অর্গানাইজেশনের অ্যাগেইনস্টে যে বিধি সে অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেটা ১৫ অগাস্টেও যেরকম, সেটা অন্যান্য দিনেও সেরকম। এটা একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছিলেন, তার জবাবে আমি এটা বলেছিলাম।”

আপনি তাহলে পুলিশকে আলাদাভাবে কোনো নির্দেশনা দেননি, এ প্রশ্নে প্রেস সচিব বলেন, “ওটা তো আমার ডিপার্টমেন্ট না রে ভাই। ওনাদেরকে আমি ইন্সট্রাকশন দেব কেন। পুলিশ এর হোম মিনিস্ট্রি আছে, আইজিপি আছে, ডিএমপি কমিশনার আছে। সে তার লাইন অব ডিউটি অনুযায়ী ইন্সট্রাকশন পাবে, সেটা আমি দেব কেন। আমার তো রুলস অব বিজনেসেও এটা পড়ে না। সরকারের রুলস অব বিজনেসে কী এটা পড়ে যে আমি পুলিশকে বলবো যে, আপনারা এটা করেন।”

প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য ধরে পরে ধানমণ্ডি থানার ওসির কাছে জানতে চাইলে তিনি জানান, তিনি “ভুল” করে প্রেস সচিবের প্রসঙ্গটি টেনেছেন। ওসি বলেন, “আমাদের ওপরে নির্দেশনা আছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রতিরোধ। সেটা বলতে গিয়ে মুখ ফসকে ওটা বের হয়ে গেছে।”

তিনি বলেন, “এটা আমার ভুল হয়ে গেছে। এটা আমি এক্সপাঞ্জ করছি। এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। আমি খুবই বিব্রত।”

   

About

Popular Links

x