অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ২৭ হাজারের বেশি সদস্য নতুন নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা দায়িত্ব পালন শুরু করবেন বলেও জানান তিনি।
সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৫,৮৫১ পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের কনস্টেবল থেকে এসআই পদে এ নিয়োগ দেওয়া হয়। এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ৪,৪৬৯ জন, আনসার সদস্য হিসেবে ৫,৫৫১ জন, ফায়ার সার্ভিসে ২০৮ জন এবং কারা অধিদপ্তরে ১,৫৫৮ জনকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘‘কিছু পদ নতুন তৈরি হয়েছে। এছাড়াও শূন্য পদেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগে ক্যাডারের কেউ নেই। সব মিলিয়ে গত এক বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ২৭,৬৩৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।’’
বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনকে গ্রেপ্তার প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘এ বিষয়ে আমাকে জিজ্ঞেস না করে আদালতকে জিজ্ঞেস করেন। পুলিশের গ্রেপ্তার করা অবৈধ হলে আদালত ছেড়ে দিত। আদালত স্বাধীনভাবে তার কাজ করছেন।’’



