Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

হত্যা মামলায় অভিনেতা সিদ্দিককে গ্রেপ্তার দেখানোর আদেশ

শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০২:১৪ পিএম

জুলাই আন্দোলনে গুলশান থানায় একটি হত্যাচেষ্টা মামলার পর এবার আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার হলেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক।

বুধবার (২০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ সংক্রান্ত আবেদনে অনুমোদন দেন।

এর আগে গত ১২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপ-পরিদর্শক মো. সামিউল ইসলাম সিদ্দিককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আজ বুধবার তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল বিকেলে রাজধানী ঢাকার বেইলি রোডে সিদ্দিককে আওয়ামী লীগের সহযোগী বলে অভিযোগ তুলে একদল যুবক মারধর করে এবং পরে রমনা থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরদিন গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তিনি কারাগারে ছিলেন।

মামলার নথি অনুযায়ী, জুলাই আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী (২৩)। জুমার নামাজের পর ছোঁড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পিতা মো. সবুজ ২ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন।

 

   

About

Popular Links

x