Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

উদ্বোধনের পরদিনই ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের তার চুরি

অন্ধকারে রাতে দুর্ঘটনার আশঙ্কা

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০১:৫১ পিএম

গাইবান্ধার হরিপুর-চিলমারী সংযোগ সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত “মওলানা ভাসানী সেতু” চালু হয়েছে। তবে উদ্বোধনের মাত্র একদিন পরই সেতুর ল্যাম্পপোস্টের তার চুরির ঘটনা ঘটেছে। বিদ্যুৎ সরবরাহের তার চুরি হয়ে যাওয়ায় পুরো সেতুটি অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। এতে যানবাহন ও পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা।

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী শুক্রবার (২২ আগস্ট) সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বিষয়টি আমরা বৃহস্পতিবার রাতে জানতে পারি। উদ্বোধনের পর দিন কোনো এক সময়ে দুর্বৃত্তরা সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তার চুরি করেছে। আমরা দুষ্কৃতিকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেব। একই সঙ্গে দ্রুত নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু হবে। পাশাপাশি সেতুতে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।”

পথচারী, চালক ও স্থানীয়রা জানান, আলো না থাকায় সন্ধ্যার পর থেকে সেতুতে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। দুর্ঘটনার ভয় মাথায় নিয়ে পারাপার হতে হচ্ছে।

তাদের দাবি, দ্রুততম সময়ের মধ্যে ল্যাম্পপোস্টে নতুন বিদ্যুৎ সংযোগ দিয়ে সেতুটি আবার আলোকিত করা হোক। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের চুরি বা নাশকতার ঘটনা রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, “কর্তৃপক্ষের চুরি সংক্রান্ত অভিযোগ পেলে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। দুর্বৃত্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি জানান, সেতুর শৃঙ্খলা রক্ষায় আজ থেকেই সেখানে পর্যাপ্ত পুলিশ সদস্য রাখা হচ্ছে। শিগগিরই একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে এবং স্থায়ী ক্যাম্পের জন্যও আবেদন করা হয়েছে। আশা করা হচ্ছে, এক মাসের মধ্যেই অনুমোদন মিলবে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট দুপুরে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে “মাওলানা ভাসানী সেতু” উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনের পর থেকেই প্রতিদিন হাজারো মানুষ সেতুটি দেখতে ভিড় করছেন।

   

About

Popular Links

x